শেরপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রতিকী ছবি
শেরপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের আন্ধারিয়া নিজপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো—ওই এলাকার সুলতান মিয়ার ছেলে মাহিন মিয়া (৬) এবং মনোয়ার হোসেনের ছেলে জুনায়েদ হোসেন (৫)।
স্থানীয় কামারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সরোয়ার জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, শিশু মাহিন ও জুনায়েদ হোসেন বিকেলে খেলতে যায়। পরে আর বাড়ি ফিরে আসেনি। সন্ধ্যার পর অভিভাবকরা খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের ওই পুকুরে নেমে শিশু দুটির মরদেহ উদ্ধার করে স্থানীয় লোকজন। ধারণা করা হচ্ছে, খেলা শেষে ওই পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে শিশু দুটি মারা যায়।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জোবায়দুল ইসলাম বলেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোবাইলে ফোন করে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনাটি জানিয়েছেন। তবে কোনো অভিযোগ থানায় আসেনি। বিষয়টি খোঁজ-খবর নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।