ইবি’র সুন্দরবন ছাত্রকল্যাণ সমিতির সভাপতি এখলাছ, সম্পাদক মাশুক
ফাইল ছবি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত খুলনা জেলার কয়রা উপজেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘সুন্দরবন ছাত্রকল্যাণ সমিতি’র নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ব্যবস্থাপনা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. এখলাছুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে দা'ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মাশুক এলাহী মনোনীত হয়েছেন।
শনিবার (৩০ মে) সকাল ১০টার দিকে কপোতাক্ষ মহাবিদ্যালয়ে সংগঠনটির উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শেষে উপদেষ্টামণ্ডলী এ কমিটি ঘোষণা করেন।
এছাড়া সহ-সভাপতি হিসেবে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু সাদিক ত্বহা এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহবুবুর রহমান মনোনীত হয়েছেন। অতিশীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
এ সময় সদ্যবিদায়ী সভাপতি আকরাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। আরও উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও কপোতাক্ষ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ওয়ালিউল্লাহ, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাড. মঞ্জুরুল আলম নান্নু, অ্যাড. শাহিনুর রহমান শাহিন, ঘুখরাঘাটি ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা সুজাউদ্দীন। এছাড়াও উপস্থিত ছিলেন ইবরুল হাসান মামুন, হাফেজ আফজাল হোসেন, জাহিদ সোহাগ, আল হেলাল, মুশফিকুর রহমান বাপ্পি, হাবিবুল্লাহ, সাইফুল বিন আসাদসহ ইন্টারমিডিয়েট ও আলিম পর্যায়ের শিক্ষার্থীরা।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকার কথা উল্লেখ করে তিনটি পরামর্শ দেন—
১. ভালো মানের শিক্ষার্থী তৈরি করে কয়রাকে কীভাবে আরও সমৃদ্ধ করা যায়, সে বিষয়ে পরামর্শ দিতে হবে।
২. বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকার মানুষের মধ্যে সমন্বয় সাধন করে এলাকার উন্নয়নে কাজ করতে হবে।
৩. সংগঠনের বর্তমান নাম ‘সুন্দরবন ছাত্রকল্যাণ সমিতি’ পরিবর্তন করে ‘সুন্দরবন ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতি’ রাখার পরামর্শ দেন।
সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি মো. এখলাছুর রহমান বলেন, “সুন্দরবন ছাত্রকল্যাণ সমিতির সভাপতি হিসেবে আমাকে নির্বাচিত করায় সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই। এটি আমার জন্য সম্মানের পাশাপাশি একটি বড় দায়িত্ব। আমি সবাইকে সঙ্গে নিয়ে শিক্ষার্থী কল্যাণ, ঐক্য ও সংগঠনের উন্নয়নে কাজ করতে চাই। আপনাদের সহযোগিতা, পরামর্শ ও দোয়া কামনা করছি।”
এদিন সংগঠনটির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করে বরণ এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়।