নারীর প্রতি সহিংসতা রোধকল্পে রাজশাহীতে প্রচারাভিযান
সংগৃহীত
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা রোধকল্পে রাজশাহী মহানগরীতে সকালে প্রচারাভিযান চালানো হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় ‘ফ্রিডম অব এক্সপ্রেশন ফর ডিজিটাল ডেমোক্রেসি’ প্রকল্পের আওতায় বিডো (বিডো) এ প্রচারাভিযানের আয়োজন করেছে। এবারের প্রতিপাদ্য হচ্ছে, ‘নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হোন: ন্যায়বিচার নিশ্চিত করুণ,সহিংসতার শিকার ব্যক্তিদের সুরক্ষা দিন এবং দায়মুক্তির অবসান ঘটান’।
শুরুতেই রাজশাহী বরেন্দ্র কলেজ প্রাঙ্গন থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি কুমারপাড়া মোড় হয়ে আলুপট্টি প্রদক্ষিণ করে পুনরায় কলেজে গিয়ে শেষ হয়। এরপর গণস্বাক্ষর সংগ্রহ করা হয়।
পরে কলেজ অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিডোর নির্বাহী পরিচালক আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, যুব উন্নয়ন অধিদপ্তর রাজশাহীর উপ পরিচালক মো. শরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমা মুস্তারি ও রাজশাহীর বরেন্দ্র কলেজের অধ্যক্ষ রণজিৎ কুমার সাহা। সঞ্চালনা করেন বিডোর কর্মকর্তা সাইফুল ইসলাম।
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে তিনটি সুপারিশগুলো হলো, ন্যায়বিচার নিশ্চিত করা, সহিংসতার শিকার ব্যক্তিদের সুরক্ষা দেয়া ও দায়মুক্তির অবসান ঘটানো।
বক্তারা বলেন, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে সবাইকে একসাথে কাজ করতে হবে। সবাই মিলে কাজ করলে এটি কমানো সম্ভব হবে।
এছাড়াও সভায় বিডো’র অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন সংগঠনের মানবাধিকার কর্মী, কলেজের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।