আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে বোর্ডের ২৫ নির্দেশনা
ফাইল ছবি
২০২৬ সালের আলিম (সাপ্লিমেন্টারি) পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য ২৫টি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। পরীক্ষার প্রশ্নপত্র সংরক্ষণ, নিরাপত্তা, কেন্দ্র পরিচালনা, কক্ষ প্রত্যবেক্ষক নিয়োগ এবং উত্তরপত্র পাঠানোসহ বিভিন্ন বিষয়ে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. ফারুক আহম্মেদ স্বাক্ষরিত এক জরুরি নির্দেশনায় এ তথ্য জানা যায়।
নির্দেশনায় বলা হয়েছে, আলিম-২০২৬ সালের নিয়মিত পরীক্ষার নীতিমালা অনুসরণ করে সাপ্লিমেন্টারি পরীক্ষা পরিচালনা করতে হবে। সংশ্লিষ্ট কেন্দ্রের মাদ্রাসা প্রধান কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্ধারিত তথ্যছক পূরণ করে জেলা প্রশাসক বা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)-এর প্রতিস্বাক্ষরসহ আগামী ২৯ নভেম্বরের মধ্যে বোর্ডে পাঠাতে হবে।
প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে ট্রেজারি বা থানা লকারে সংরক্ষিত প্রশ্নপত্রের প্যাকেট ও বিবরণী তালিকা দ্রুত যাচাই করতে হবে। এ সময় ট্রেজারি কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যদের উপস্থিত থাকতে হবে। প্রশ্নপত্রের সেটগুলো পরীক্ষার তারিখ ও সময় অনুযায়ী আলাদা নিরাপত্তা খামে সংরক্ষণ করতে হবে। খামের ওপর পরীক্ষার তারিখ, বিষয়, বিষয় কোড ও সেট কোড উল্লেখ করতে হবে।
বোর্ডের নির্দেশনা অনুযায়ী, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে তিতাস ও কর্ণফুলী দুই সেট প্রশ্নপত্র থাকবে। অন্যান্য বিষয়ে শুধু তিতাস সেট থাকবে। পরীক্ষার দিন বোর্ডের এসএমএস পাওয়ার পর নির্ধারিত সেটের প্রশ্নপত্র খুলতে হবে। অব্যবহৃত সেটের প্রশ্নপত্রের খাম অক্ষত অবস্থায় সংরক্ষণ করতে হবে। বোর্ডের পাঠানো সেট কোড অনুসরণ না করলে সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন ও ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের ক্ষেত্রেও বিধিনিষেধ দেওয়া হয়েছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। ছবি তোলা যায় না এমন মোবাইল ফোন কেবল ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যবহার করতে পারবেন। প্রশ্নপত্র পরিবহনের সময় পুলিশি পাহারা নিশ্চিত করতে হবে।
আসন ব্যবস্থাপনা ও কক্ষ প্রত্যবেক্ষক নিয়োগের বিষয়ে নির্দেশনায় বলা হয়েছে, প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য একজন কক্ষ প্রত্যবেক্ষক দায়িত্ব পালন করবেন। তবে প্রতিটি কক্ষে কমপক্ষে দুজন দায়িত্ব পালন করবেন। পরীক্ষার্থী ছাত্রী হলে সংশ্লিষ্ট কক্ষে একজন নারী শিক্ষককে কক্ষ প্রত্যবেক্ষক হিসেবে রাখতে হবে। কোনো কেন্দ্রের আসনসংখ্যার তুলনায় পরীক্ষার্থী বেশি হলে পার্শ্ববর্তী শিক্ষাপ্রতিষ্ঠানকে উপকেন্দ্র হিসেবে ব্যবহার করা যাবে।
পরীক্ষার্থীদের আসন বিন্যাসে কমপক্ষে তিন ফুট দূরত্ব রাখতে হবে এবং প্রতিটি বেঞ্চে সর্বোচ্চ দুজন পরীক্ষার্থী বসতে পারবেন। পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কক্ষে প্রবেশ নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ের পরে কোনো পরীক্ষার্থী এলে বিলম্বের কারণ লিখে বিশেষ বিবেচনায় ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবেশের অনুমতি দিতে পারবেন। পরীক্ষা শুরুর আগে কেন্দ্রের বাইরে বিশৃঙ্খলা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রয়োজনে হ্যান্ড মাইক ও সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশনাও দেওয়া হয়েছে।
প্রবেশপত্র বিতরণের বিষয়ে বলা হয়েছে, ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বোর্ডের ওয়েবসাইট থেকে সংশ্লিষ্ট মাদ্রাসার পরীক্ষার্থীদের প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করে দ্রুত মাদ্রাসা প্রধানদের কাছে পৌঁছে দিতে হবে। প্রবেশপত্রে কোনো ভুল থাকলে তা বোর্ডের সংশ্লিষ্ট শাখা থেকে সংশোধন করতে হবে। ত্রুটিপূর্ণ উত্তরপত্র পরীক্ষার্থীদের দেওয়া যাবে না।
এ ছাড়া পরীক্ষার্থীদের হাজিরা শিটে উপস্থিতির স্বাক্ষর নিতে হবে। কেউ অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট তারিখ ও বিষয়ের পাশে লাল কালিতে অনুপস্থিত লিখতে হবে। বিষয়ভিত্তিক ৫০টি করে উত্তরপত্র করোগেটেড শিটে প্যাকেট করতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। উত্তরপত্র নিয়মিত ও অনিয়মিত হিসেবে আলাদা করে হলুদ কাপড়ে মুড়িয়ে প্যাকেটের ওপর সংশ্লিষ্ট শ্রেণি উল্লেখ করে জি, ই, পি ডাকযোগে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ঠিকানায় পাঠাতে হবে। প্রশ্নপত্র ও উত্তরপত্র পরিবহনের কাজেও পুলিশের সংশ্লিষ্টতা নিশ্চিত করতে হবে।
নির্দেশনাটি আলিম (সাপ্লিমেন্টারি) পরীক্ষা-২০২৬-এর সব কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।