পোল্যান্ডের কাতোভিৎস শহরে বাংলাদেশের কনস্যুলার অফিস চালু
সংগৃহীত
পোল্যান্ডের কাতোভিৎস শহরে বাংলাদেশের কনস্যুলার অফিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এর উদ্ধোধন করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশের অনারারি কনসাল অ্যাডাম মোকরিশ। তিনি পোল্যান্ডে বাংলাদেশের একমাত্র অনারারি কনসাল। অনারারি কনসাল ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার ও চার্জ ডি অ্যাফেয়ার্স কাজী মুনতাসির মুর্শেদ।
চার্জ ডি অ্যাফেয়ার্স তার বক্তব্যে বাংলাদেশ ও পোল্যান্ডের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বের কথা তুলে ধরেন এবং দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিশাল সম্ভাবনার ওপর জোর দেন। তিনি পোলিশ উদ্যোক্তাদের বাংলাদেশের বিভিন্ন খাতে বিশেষ করে, উৎপাদন শিল্প, কৃষি-প্রক্রিয়াজাতকরণ, ওষুধ শিল্প, প্রকৌশল, জ্বালানি ও প্রযুক্তি খাতে বিনিয়োগের সুযোগ অন্বেষণের আহ্বান জানান।
ওয়ারশের বাংলাদেশ দূতাবাস আশা করছে, নতুন এই কনস্যুলার অফিসটি বাংলাদেশ ও সাইলেসিয়ান অঞ্চলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করবে। এটি বাণিজ্য ও বিনিয়োগের প্রসার, সাংস্কৃতিক ও অ্যাকাডেমিক বিনিময় জোরদার করা এবং দক্ষিণ পোল্যান্ডে বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ সহজতর করার ক্ষেত্রে ভূমিকা রাখবে।
বাংলাদেশ দূতাবাস কাতোভিৎসেতে বাংলাদেশের অনারারি কনসাল হিসেবে দায়িত্ব গ্রহণ করায় অ্যাডাম মোকরিশকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছে। দূতাবাস তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা রাখে, যা বাংলাদেশ-পোল্যান্ড সম্পর্ককে আরও শক্তিশালী ও এগিয়ে নিতে সহায়তা করবে।