বিয়ে করতে কুমিল্লায় চীনা যুবক, ফিরিয়ে দিল পরিবার
ছবি: সংগৃহীত
কুমিল্লার দেবিদ্বারে এক তরুণীর প্রেমের টানে চীন থেকে ছুটে এসেছেন ৩৪ বছর বয়সী এক যুবক। শুক্রবার সন্ধ্যায় তামান্না আক্তার (১৯) নামে ওই তরুণীর বাড়িতে হাজির হন চীনা নাগরিক জিয়াকিয়ান।
তবে বিয়ের জন্য চীন থেকে এলেও শেষ পর্যন্ত বিয়ে না করেই হোটেলে ফিরতে হয়েছে তাকে। তরুণী বিয়েতে রাজি হলেও আপত্তি জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।
জিয়াকিয়ান চীনের হুয়াইজিং শহরের ঝাওচিং এলাকার বাসিন্দা।
জানা গেছে, প্রায় ছয় মাস আগে উইচ্যাটের মাধ্যমে তামান্নার সঙ্গে তাঁর পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ভাষাগত প্রতিবন্ধকতা দূর করতে তাঁরা বিভিন্ন অ্যাপের মাধ্যমে একে অপরের কথা অনুবাদ করে যোগাযোগ করতেন। একপর্যায়ে দুজন বিয়ের সিদ্ধান্ত নেন।
সেই সিদ্ধান্ত বাস্তবায়নে গত ১৯ নভেম্বর ভিজিট ভিসায় বাংলাদেশে আসেন জিয়াকিয়ান। ঢাকার বিমানবন্দর থেকে ভাড়া করা গাড়িতে সরাসরি চলে আসেন দেবিদ্বারের সুলতানপুর গ্রামে তামান্নার বাড়িতে। চীন থেকে প্রেমিকের আসার খবর ছড়িয়ে পড়লে তাঁকে একনজর দেখতে বাড়িতে ভিড় করেন শত শত উৎসুক মানুষ।
খবর পেয়ে দেবিদ্বার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিয়াকিয়ানের সঙ্গে কথা বলে।
পুলিশ তাঁকে জানায়, বিয়ের ক্ষেত্রে আইনগত প্রক্রিয়া অনুসরণ করতে হবে এবং তাঁর পরিবারের সদস্যদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। পরিবারের সদস্যদের নিয়ে এসে বিয়ের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা জানালে তিনি তাতে সম্মতি দেন। পরে পুলিশের সহায়তায় তিনি ফিরে যান।