প্রাণনাশের হুমকি, নিরাপত্তা উপেক্ষা করে অবাক কাণ্ড সালমানের
ফাইল ছবি
লাগাতার প্রাণনাশের হুমকিতে এখন সীমিত বলিউড তারকা সালমান খানের চলাফেরা। ওয়াই প্লাস নিরাপত্তা ছাড়া ঘর থেকে বের হন না। হঠাৎ সেসব উপেক্ষা করে বিমানবন্দরে ঘটালেন অবাক করা কাণ্ড। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
গতকাল শুক্রবার সন্ধ্যায় ‘মাতৃভূমি’ সিনেমার প্রচার সেরে ফিরছিলেন সালমান। সঙ্গে ছিলেন অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। বিমানবন্দরে কড়া নিরাপত্তায় বের হচ্ছিলেন অভিনেতা। পাপারাজ্জিরা দূর থেকে লেন্সবন্দি করছিলেন ভাইজানকে।
ঠিক ওই মুহূর্তে এক শিশু সালমানের সঙ্গে দেখা করার আবদার করে বসে। কচি মনে কষ্ট দেওয়া সম্ভব হয়নি নরম হৃদয়ের টাইগারের। লরেন্স বিশ্নোইয়ের হুমকি উপেক্ষা করে নিরাপত্তার চাদর ছুড়ে ফেলে খুদে ভক্তের ডাকে সাড়া দেন। একরত্তিকে ইশারায় ডাকেন।
আর দেরি করেনি খুদে। দৌড়ে চলে যায় সালমানের কাছে। চুলবুল পাণ্ডেও খানিক সময় কথা বলেন। কপালে এঁকে দেন আদুরে চুমু। প্রিয় তারকার উষ্ণ আদরে যারপরনাই আনন্দিত হয়ে ফিরে যায় শিশুটি। দুজনের সে মুহূর্তে মজেছেন নেটিজেনরাও। সালমানের প্রশংসায় পঞ্চমুখ। কেউ লিখেছেন, 'ওনার হৃদয় পুরোটাই সোনার।'আরেকজনের কথায়, 'এখান থেকেই বোঝা যায়, উনি কত বড় মাপের মানুষ।'
আগামী মাসে মুক্তি পাচ্ছে ‘মাতৃভূমি’। সিনেমাটির নাম ছিল ‘ব্যাটল অব গালওয়ান’। ব্দলেও তাতেও অবশ্য তেমন রক্ষে হয়নি গালওয়ান সংঘর্ষ নিয়ে নির্মিত সিনেমাটির। ভারতের সেন্সর বোর্ডে গিয়ে পড়তে হয়েছে আপত্তির মুখে পড়ে। বিস্তর কাটাছেঁড়ার পর পায় মুক্তির অনুমতি।