কৃতজ্ঞতাবোধ : মুমিনের জীবনের অন্যতম শ্রেষ্ঠ ইবাদত

কৃতজ্ঞতাবোধ : মুমিনের জীবনের অন্যতম শ্রেষ্ঠ ইবাদত

ফাইল ছবি

আল্লাহ তাআলা মানুষকে অসংখ্য নেয়ামত ও অনুগ্রহে ধন্য করেছেন। মানুষের অস্তিত্ব থেকে শুরু করে জীবনের প্রতিটি মুহূর্ত তাঁর দয়া ও অনুগ্রহে পরিপূর্ণ। সুস্থতা, নিরাপত্তা, জীবিকা, পরিবার, সন্তান, জ্ঞান, বিবেক, দৃষ্টিশক্তি, শ্রবণশক্তি—সবই মহান আল্লাহর অমূল্য দান। আর মানুষের স্বভাব হলো, সে প্রাপ্ত নেয়ামতের সঙ্গে অভ্যস্ত হয়ে পড়ে এবং অনেক সময় সেগুলোর যথার্থ মূল্য উপলব্ধি করতে পারে না।

অথচ একজন প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য হলো, সে প্রতিটি নেয়ামতের মধ্যে আল্লাহর অনুগ্রহ উপলব্ধি করে এবং কথা, কাজ ও অন্তরের মাধ্যমে তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করে। আল্লাহ তাআলা বলেন, ‘যদি তোমরা শুকরিয়া আদায় কর, তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব; আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, নিশ্চয় আমার আজাব বড় কঠিন।

’ (সুরা : ইবরাহিম, আয়াত : ৭)

কৃতজ্ঞতা মানুষের একটি মহৎ গুণ

যে ব্যক্তি মানুষের সামান্য উপকারও মনে রাখে, উপকারকারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং তার দয়া ও অনুগ্রহ অস্বীকার করে না, সে উত্তম চরিত্রের অধিকারী। অন্যদিকে অকৃতজ্ঞতা মানুষের নৈতিক অধঃপতনের পরিচায়ক। সম্মানিত ও বিবেকবান মানুষ কখনো উপকার ভুলে যায় না এবং কৃতজ্ঞতা প্রকাশে কার্পণ্য করে না।

তাহলে সেই মহান সত্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের গুরুত্ব কত বেশি হওয়া উচিত, যাঁর কাছ থেকে সব নেয়ামত আসে, যাঁর হাতে সবকিছুর নিয়ন্ত্রণ এবং যাঁর কাছেই সবকিছুর প্রত্যাবর্তন।

আল্লাহ তাআলা বলেন, ‘সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন এবং অন্ধকার ও আলো সৃষ্টি করেছেন।’ (সুরা : আনআম, আয়াত : ১)

আল্লাহর নেয়ামত অসংখ্য ও অগণিত

মানুষের জীবনে আল্লাহর অনুগ্রহের কোনো শেষ নেই। প্রকাশ্য ও অপ্রকাশ্য অসংখ্য নেয়ামত প্রতিনিয়ত আমাদের ঘিরে রেখেছে। আমরা যেসব নেয়ামত দেখতে পাই, সেগুলোর বাইরেও রয়েছে অগণিত অনুগ্রহ, যা আমাদের অজান্তেই আল্লাহ আমাদের দান করছেন। আল্লাহ তাআলা বলেন, ‘আর তোমরা আল্লাহর নেয়ামত গণনা করতে চাইলে তা গণনা করে শেষ করতে পারবে না।

নিশ্চয়ই মানুষ অতিমাত্রায় জালিম ও অকৃতজ্ঞ।’ (সুরা : ইবরাহিম, আয়াত : ৩৪)

মানুষ কৃতজ্ঞ হবে, নাকি অকৃতজ্ঞ—এটি তার পরীক্ষা

আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করে তাকে ভালো ও মন্দের পথ দেখিয়ে দিয়েছেন। তার সামনে সত্য ও মিথ্যা, কল্যাণ ও অকল্যাণ এবং আনুগত্য ও অবাধ্যতার পথ স্পষ্ট করে দিয়েছেন। এখন সে কোন পথ বেছে নেবে, তা তার নিজের সিদ্ধান্ত ও কর্মের মাধ্যমে প্রকাশ পাবে। আল্লাহর অনুগ্রহের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে, নাকি অকৃতজ্ঞতার পথ বেছে নেবে—এটাই মানুষের জীবনের অন্যতম পরীক্ষা। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই আমি মানুষকে মিশ্র শুক্রবিন্দু থেকে সৃষ্টি করেছি, তাকে পরীক্ষা করার জন্য। অতঃপর আমি তাকে শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তিসম্পন্ন করেছি। নিশ্চয়ই আমি তাকে পথ দেখিয়েছি; হয় সে কৃতজ্ঞ হবে, নয়তো অকৃতজ্ঞ।’ (সুরা : ইনসান, আয়াত : ২-৩)

প্রকৃত কৃতজ্ঞ বান্দার সংখ্যা খুবই কম

মানুষের স্বভাব হলো, সে অনেক সময় নেয়ামতের মধ্যে থেকেও নেয়ামতের গুরুত্ব উপলব্ধি করতে পারে না। বরং যা নেই, তার জন্য আফসোস করে; অথচ যা আছে, তার জন্য কৃতজ্ঞ হতে ভুলে যায়। অনেক মানুষ সম্পদ, পদমর্যাদা ও পার্থিব সুযোগ-সুবিধা অর্জনের প্রতিযোগিতায় ব্যস্ত থাকে। ফলে আল্লাহর দেওয়া অসংখ্য নেয়ামতের কথা স্মরণ করার অবকাশ পায় না। আল্লাহ তাআলা তাঁর বান্দাদের মধ্যে কৃতজ্ঞদের সংখ্যা কম বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘আমার বান্দাদের মধ্যে অল্পসংখ্যকই কৃতজ্ঞ।’ (সুরা : সাবা, আয়াত : ১৩)

সুস্থতা, নিরাপত্তা ও পর্যাপ্ত জীবিকা—মহান নেয়ামত

মানুষ অনেক সময় বড় বড় সম্পদ ও সুযোগ-সুবিধাকে নেয়ামত মনে করলেও দৈনন্দিন জীবনের মৌলিক নেয়ামতগুলোর প্রতি যথেষ্ট গুরুত্ব দেয় না। অথচ নিরাপদে ঘুম থেকে জেগে ওঠা, সুস্থ শরীরে দিন কাটানো এবং প্রয়োজনীয় খাবার পাওয়াও আল্লাহর অসাধারণ অনুগ্রহ। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমাদের মধ্যে যে ব্যক্তি সকালে এমন অবস্থায় ঘুম থেকে ওঠে যে, সে তার পরিবার-পরিজনের মধ্যে নিরাপদ, তার শরীর সুস্থ এবং তার কাছে সেদিনের প্রয়োজনীয় খাবার রয়েছে, তাহলে যেন তাকে পুরো দুনিয়াটাই দেওয়া হলো।’ ( তিরমিজি, হাদিস: ২৩৪৬)

কৃতজ্ঞতা প্রকাশের সামর্থ্যও আল্লাহর বিশেষ নেয়ামত

মানুষ আল্লাহর অসংখ্য নেয়ামত ভোগ করলেও সেগুলোর যথাযথ শুকরিয়া আদায় করার ক্ষমতা তার নেই। এমনকি আল্লাহর শুকরিয়া আদায় করার যে সামর্থ্য তিনি দান করেছেন, সেটিও একটি স্বতন্ত্র নেয়ামত। কারণ সবাই নেয়ামত পায়, কিন্তু সবাই নেয়ামতের প্রকৃত মূল্য উপলব্ধি করতে পারে না। সবাই আল্লাহর দান ভোগ করে, কিন্তু সবাই তাঁর প্রতি কৃতজ্ঞ হওয়ার তাওফিক লাভ করে না।

আল্লাহর নবী সুলাইমান (আ.) তাঁর প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ উপলব্ধি করে কৃতজ্ঞতা প্রকাশের সামর্থ্য চেয়ে দোয়া করেছিলেন। আল্লাহ তাআলা তাঁর সেই দোয়া পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, ‘হে আমার রব! আপনি আমাকে সামর্থ্য দিন, যাতে আমি আপনার সেই নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, যা আপনি আমাকে ও আমার পিতা-মাতাকে দান করেছেন। আর আমি যেন এমন সৎকর্ম করতে পারি, যা আপনি পছন্দ করেন। আর আপনার অনুগ্রহে আমাকে আপনার সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত করুন।’ (সুরা : নামল, আয়াত : ১৯)

নেয়ামতের শুকরিয়া আদায়ের প্রকৃত পদ্ধতি

আল্লাহর শুকরিয়া আদায়ের অর্থ শুধু মুখে আলহামদুলিল্লাহ বলা নয়; বরং অন্তরে তাঁর নেয়ামত স্বীকার করা, মুখে তাঁর প্রশংসা করা এবং কাজের মাধ্যমে তাঁর আনুগত্য প্রকাশ করা। অর্থাৎ আল্লাহর দেওয়া নেয়ামতকে তাঁর সন্তুষ্টির পথে ব্যবহার করাই প্রকৃত কৃতজ্ঞতার পরিচয়। আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনগণ! আমি তোমাদের যে পবিত্র রিজিক দিয়েছি, তা থেকে আহার করো এবং আল্লাহর শুকরিয়া আদায় করো, যদি তোমরা কেবল তাঁরই ইবাদতকারী হয়ে থাকো।’ (সুরা : বাকারা, আয়াত : ১৭২)

অন্যের চেয়ে নিজের অবস্থান ভালো—এ কথা স্মরণ করা

আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায়ের অন্যতম কার্যকর উপায় হলো, পার্থিব বিষয়ে নিজের চেয়ে নিম্ন অবস্থানে থাকা মানুষের দিকে তাকানো। অনেক সময় মানুষ নিজের যা আছে, তার মূল্য উপলব্ধি না করে অন্যের সম্পদ, বাড়ি, গাড়ি, চাকরি কিংবা সামাজিক অবস্থান দেখে আফসোস করে। ফলে নিজের প্রাপ্ত নেয়ামতগুলোকেও তুচ্ছ মনে হতে থাকে। এ বিষয়ে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা তোমাদের চেয়ে নিম্ন অবস্থানে থাকা ব্যক্তিদের দিকে তাকাও এবং তোমাদের চেয়ে উচ্চ অবস্থানে থাকা ব্যক্তিদের দিকে তাকিয়ো না। এতে তোমাদের প্রতি আল্লাহর নেয়ামতকে তুচ্ছ মনে না করার সম্ভাবনা বেশি।’ (সহিহ বুখারি, হাদিস: ৬৪৯০)

মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা জরুরি

আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি মানুষের উপকারের প্রতিও কৃতজ্ঞ থাকা ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা। কেউ আমাদের উপকার করলে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, তার প্রশংসা করা, তার জন্য দোয়া করা এবং সম্ভব হলে উপকারের প্রতিদান দেওয়া উত্তম চরিত্রের পরিচয়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে না।’ (আবু দাউদ, হাদিস: ৪৮১১)

আল্লাহ আমাদের তাঁর অগণিত নেয়ামতের যথাযথ মূল্য উপলব্ধি করার এবং আমৃত্যু তাঁর অনুগত ও কৃতজ্ঞ বান্দা হিসেবে জীবনযাপন করার তাওফিক দান করুন। আমিন।