জাতিসংঘের আমূল সংস্কার দাবি রাশিয়ার

জাতিসংঘের আমূল সংস্কার দাবি রাশিয়ার

সংগৃহীত ছবি

বিশ্ব সংস্থায় যুগের উপযোগী পরিবর্তনের স্বার্থে জাতিসংঘের সামান্য কিছু পরিবর্তন বা ক্রমান্বয় সংস্কারই যথেষ্ট নয় বরং এই আন্তর্জাতিক প্রতিষ্ঠানটির একটি বিশাল ও মৌলিক সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা।

সংবাদমাধ্যম রেডিও কমসোমলস্কায়া প্রাভদাকে দেয়া এক সাক্ষাৎকারে জাখারোভা বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বকে তৃতীয় কোনো বৈশ্বিক সংঘাত থেকে রক্ষা করার মূল লক্ষ্য নিয়ে জাতিসংঘ গঠিত হয়েছিল। কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে, জাতিসংঘের বেশ কিছু প্রভাবশালী সদস্য রাষ্ট্র নিজেদের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার জন্য এই সংস্থাকে ব্যবহার করছে। বিশেষ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কার্যক্রম তুলে ধরে তিনি জোর দিয়ে বলেন যে, এখন সময় এসেছে প্রতিষ্ঠানটিকে নতুন করে সাজানোর।

রাশিয়া দীর্ঘদিন ধরেই জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদের পুনর্গঠনের পক্ষে কথা বলে আসছে। মস্কোর মতে, নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো বর্তমানের বহুমুখী বিশ্বের বাস্তবতা কিংবা গ্লোবাল সাউথের উদীয়মান প্রভাবকে সঠিকভাবে প্রতিফলিত করতে পারছে না। রাশিয়ার প্রস্তাবিত এই রূপরেখায় মূলত এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার উন্নয়নশীল দেশগুলোর প্রতিনিধিত্ব বাড়ানোর বিষয়ে জোর দেওয়া হয়েছে।

 তবে পশ্চিমা বিশ্ব এবং তাদের মিত্রদের প্রতিনিধিত্ব আরও বাড়ানোর যেকোনো পদক্ষেপের বিরুদ্ধে অনড় অবস্থান বজায় রেখেছে রাশিয়া। সেই সাথে তারা স্পষ্ট করেছে যে, পাঁচ স্থায়ী সদস্যের ভেটো ক্ষমতা বহাল রেখেই বৈশ্বিক এই সংস্কার প্রক্রিয়া সম্পন্ন হওয়া উচিত।

সূত্র: আল মায়াদিন