কুমিল্লায় চার গাড়ির সংঘর্ষে আহত ৩০
প্রতিকী ছবি
কুমিল্লার চান্দিনায় চলন্ত লরির পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা থেকে একে একে চারটি গাড়ির সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত গাড়িগুলোর মধ্যে রয়েছে দুটি বাস, একটি লরি ও একটি মাইক্রোবাস। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় কয়েকজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং সেখান থেকে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) দিনগত রাত পৌনে ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী হানিফ মুন্সি বলেন, চট্টগ্রামমুখী একটি চলন্ত লরির পেছনে সজোরে ধাক্কা দেয় ঢাকা থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী তিশা প্লাস পরিবহণের একটি যাত্রীবাহী বাস। এর কিছুক্ষণ পর বাসটির পেছনে ধাক্কা দেয় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী বেঙ্গল পরিবহণের একটি ডাবল ডেকার বাস। সবশেষে ওই বাসের পেছনে ধাক্কা দেয় একই অভিমুখে চলাচল করা একটি মাইক্রোবাস।
হানিফ মুন্সি আরও বলেন, চলন্ত অবস্থায় গাড়িগুলোর মধ্যে দূরত্ব খুব কম ছিল। ফলে লরির পেছনে বাসটির ধাক্কা লাগার পর পেছনের গাড়িগুলোও নিয়ন্ত্রণ হারিয়ে একে একে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
দুর্ঘটনার পর মহাসড়কে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। তারা দুটি বাস ও মাইক্রোবাসের চালক-যাত্রীদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। তবে ঘটনাস্থলে কেউ নিহত হননি।
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বে থাকা চিকিৎসক রানা বলেন, দুর্ঘটনায় আহতদের হাসপাতালে আনার পর চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের হাসপাতালে চিকিৎসা চলছে।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত বোরহান উদ্দিন বলেন, রাতে আহত অবস্থায় ৭ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া দুজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন এবং দুজন হাসপাতালে ভর্তি রয়েছেন।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে।