সুন্দরবনে অভিযানে বনদস্যু আসাবুর বাহিনীর প্রধান গ্রেফতার

সুন্দরবনে অভিযানে বনদস্যু আসাবুর বাহিনীর প্রধান গ্রেফতার

ছবিঃ সংগৃহিত।

সুন্দরবনে পৃথক দুটি অভিযানে বনদস্যু আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানা (৪৫)-কে আটক, অস্ত্র-গোলাবারুদ ও জিম্মি জেলে উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে খুলনার দাকোপ থানাধীন মল্লিক বাড়ি এলাকা থেকে সুন্দরবনের দস্যু আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানা (৪৫)-কে আটক করা হয়। আটককৃত দস্যুর তথ্যের ভিত্তিতে সুতারখালী ফরেস্ট অফিস সংলগ্ন এলাকা হতে ২ টি দেশীয় ওয়ান শুটার ও ৩ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

এদিকে সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১ টি কাঠের নৌকা এবং ডাকাতের কাছে জিম্মি থাকা একজন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল সুন্দরবনের গহিনে পালিয়ে যায়।

রোববার (২৯ নভেম্বর) বিকেলে এক প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানান, কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলার বিসিজিএস তৌহিদ‘র নির্বাহী কর্মকর্তা লেঃ এম এইচ রিফাত।

তিনি বলেন, আটককৃত ডাকাত, জব্দকৃত নৌকা, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং উদ্ধারকৃত জেলেকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা।