তজুমদ্দিনে বিদ্যুৎ সাবস্টেশনে আগুন দেওয়ার চেষ্টা ব্যর্থ
ছবিঃ সংগৃহিত।
ভোলার তজুমদ্দিনে পল্লী বিদ্যুতের একটি সাবস্টেশনে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
রোববার (২৯ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। এ সময় পল্লী বিদ্যুতের কর্মী ও স্থানীয় বাসিন্দাদের ধাওয়ায় ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরে একদল দুর্বৃত্ত সাবস্টেশনের সীমানাপ্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। পরে তারা পেট্রোল দিয়ে সাবস্টেশনে আগুন দেওয়ার চেষ্টা করে। এ সময় পল্লী বিদ্যুতের এক লাইনম্যান প্রতিদিনের মতো পাখিদের খাবার দিতে সেখানে যান। তাকে দেখে দুর্বৃত্তরা দ্রুত সীমানাপ্রাচীর টপকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি বুঝতে পেরে তিনি চিৎকার করলে স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসেন। পরে এলাকাবাসী ও বিদ্যুৎকর্মীরা ধাওয়া করলেও দুর্বৃত্তদের আটক করা সম্ভব হয়নি।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার ও তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। এ সময় তারা ঘটনাস্থল ঘুরে দেখেন এবং ঘটনার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
এ বিষয়ে তজুমদ্দিন পল্লী বিদ্যুতের এজিএম অসীম সরকার বলেন, সাবস্টেশনে আগুন দেওয়ার চেষ্টার বিষয়টি প্রশাসনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
তজুমদ্দিন থানার ওসি মিজানুর রহমান বলেন, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিলে তা মামলা হিসেবে এজাহারভুক্ত করা হবে।
তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বনি আমিন বলেন, বিদ্যুৎ সাবস্টেশনে আগুন দেওয়ার চেষ্টার বিষয়টি তিনি শুনেছেন। সরকারি জানমাল রক্ষার দায়িত্ব প্রশাসনের। এ জন্য রাতে প্রতিটি নৈশপ্রহরীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দুষ্কৃতকারীদের প্রতিহত করতে উপজেলার সর্বস্তরের নাগরিকদের সহযোগিতা কামনা করেন তিনি।