ভারতের নৌ একাডেমিতে সেরা বিদেশি ক্যাডেট বাংলাদেশের ফিদেল রেজা
ছবিঃ সংগৃহিত।
ভারতের নৌ একাডেমিতে প্রশিক্ষণ শেষে সেরা বিদেশি ক্যাডেটের পুরস্কার পেয়েছেন বাংলাদেশের নৌ ক্যাডেট মো. ফিদেল রেজা। কেরালার এঝিমালায় অবস্থিত ইন্ডিয়ান নেভাল একাডেমির ২০২৬ সালের শরৎকালীন প্রশিক্ষণ পর্বের সমাপনী কুচকাওয়াজে তাকে এ পুরস্কার দেওয়া হয়।
শনিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত এই কুচকাওয়াজের মধ্য দিয়ে ৪২৭ জন প্রশিক্ষণার্থীর সামরিক প্রশিক্ষণ শেষ হয়। তাদের মধ্যে ৬৯ জন নারী প্রশিক্ষণার্থী ছিলেন।
সেরা বিদেশি ক্যাডেট হিসেবে ফিদেল রেজাকে ফ্ল্যাগ অফিসার কমান্ডিং-ইন-চিফ (দক্ষিণ) ট্রফি দেওয়া হয়।
সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দেশটির সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে তার উপস্থিতি অনুষ্ঠানে বিশেষ গুরুত্ব বহন করে।
অনুষ্ঠানে কেরালার রাজ্যপাল ওম প্রকাশ মাথুর, উচ্চশিক্ষামন্ত্রী রোজি এম জন, ভারতের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন, দক্ষিণ নৌ কমান্ডের প্রধান ভাইস অ্যাডমিরাল সমীর সাক্সেনা, নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন দেশের সামরিক প্রতিনিধি, প্রশিক্ষক, প্রশিক্ষণ কর্মকর্তাদের পাশাপাশি প্রশিক্ষণার্থীদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
অন্য পুরস্কারপ্রাপ্ত প্রশিক্ষণার্থীরা
কুচকাওয়াজে প্রশিক্ষণে কৃতিত্ব অর্জনকারী ক্যাডেটদের বিভিন্ন পদক ও ট্রফি তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
ভারতীয় নৌ একাডেমির ১১১তম কোর্সে প্রথম স্থান অর্জন করায় মিডশিপম্যান কৌশিক সিংকে রাষ্ট্রপতির স্বর্ণপদক দেওয়া হয়।
নৌ একাডেমির প্রশিক্ষণ শেষে ন্যাশনাল ডিফেন্স একাডেমি (এনডিএ) থেকে আসা প্রশিক্ষণার্থীদের মধ্যে সামগ্রিক মেধাতালিকায় প্রথম হওয়ায় মিডশিপম্যান শিবানি সিং পেয়েছেন দক্ষিণ নৌ কমান্ডের প্রধানের ট্রফি।
৪২তম নৌ ওরিয়েন্টেশন কোর্সের (বর্ধিত) সেরা প্রশিক্ষণার্থী হিসেবে ক্যাডেট সোমেশ শর্মা এবং ৪৩তম নৌ ওরিয়েন্টেশন কোর্সের (নিয়মিত) সেরা প্রশিক্ষার্থী হিসেবে ক্যাডেট এশিয়া ভার্মা পেয়েছেন নৌবাহিনী প্রধানের স্বর্ণপদক।
এ ছাড়া ৪২তম নৌ ওরিয়েন্টেশন কোস্ট গার্ড কোর্সের সেরা প্রশিক্ষণার্থী হিসেবে ক্যাডেট মিতেশ দিনেশ রানেকে দেওয়া হয় ডিরেক্টর জেনারেল কোস্ট গার্ড ট্রফি।
এবারের প্রশিক্ষণ শেষে বাংলাদেশসহ ৯টি দেশের ১৮ জন প্রশিক্ষণার্থী কমিশন পেয়েছেন। দেশগুলো হলো বাংলাদেশ, কেনিয়া, মালাউই, মালদ্বীপ, মিয়ানমার, ওমান, সিশেলস, তানজানিয়া ও তিমুর-লেস্তে।
রাষ্ট্রপতি প্রশিক্ষণ শেষ করে দেশসেবায় নিয়োজিত হতে যাওয়া নবীন কর্মকর্তাদের অভিনন্দন জানান। পাশাপাশি তাদের প্রশিক্ষণ ও দক্ষতা গড়ে তোলার ক্ষেত্রে প্রশিক্ষক এবং প্রশিক্ষণ কর্মকর্তাদের অবদানের প্রশংসা করেন তিনি।
সূত্র: এনডিটিভি