ফিফা প্রীতি ম্যাচ খেলতে সিঙ্গাপুরে মারিয়া-ঋতুপর্ণারা
ছবিঃ সংগৃহীত।
দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে রোববার সিঙ্গাপুর গেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। আগামী ১ ও ৫ ডিসেম্বর স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে মারিয়া মান্দা-ঋতুপর্ণারা। নতুন কোচের অধীনে প্রথম আন্তর্জাতিক সফর হওয়ায় এই সিরিজ বাড়তি গুরুত্ব পাচ্ছে বাংলাদেশের মেয়েদের কাছে।
দলের নিয়মিত কোচ পিটার বাটলার অসুস্থতার কারণে দায়িত্ব পালন করতে না পারায় অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন এরিক মেয়ার। ফরাসি কোচের অধীনেই প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। স্বল্প সময়ের প্রস্তুতিতে নতুন কোচের কৌশল ও পরিকল্পনার সঙ্গে ফুটবলাররা কতটা মানিয়ে নিতে পারেন, সেটিই এখন দেখার বিষয়।
ফিফা র্যাংকিংয়ে অবশ্য এগিয়ে বাংলাদেশ। মেয়েদের বর্তমান অবস্থান ১০৬তম, বিপরীতে সিঙ্গাপুর রয়েছে ১৪৭তম স্থানে। র্যাংকিংয়ের এই ব্যবধান মাঠের লড়াইয়েও কাজে লাগাতে চাইবে লাল-সবুজের প্রতিনিধিরা।
সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের অতীত অভিজ্ঞতাও বেশ ইতিবাচক। ২০১৭ সালে দেশটিতে গিয়ে স্বাগতিকদের কাছে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশ। তবে ২০২৩ সালে ঢাকায় অনুষ্ঠিত দুই ম্যাচের সিরিজে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশের মেয়েরা। প্রথম ম্যাচে ৩-০ গোলে জয়ের পর দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের জালে ৮ গোল দিয়েছিল তহুরা-ঋতুপর্ণারা।
তিন বছর পর আবারও মুখোমুখি হচ্ছে দুই দল। এবার প্রতিপক্ষের মাঠে হলেও সাম্প্রতিক পারফরম্যান্স ও র্যাঙ্কিংয়ের বিচারে আত্মবিশ্বাসী থাকার কথা বাংলাদেশের। তবে নতুন কোচের অধীনে নিজেদের সামর্থ্য প্রমাণের পাশাপাশি দলীয় বোঝাপড়া ও ধারাবাহিকতা ধরে রাখাও হবে বড় চ্যালেঞ্জ।