খাগড়াছড়িতে বিপুল পরিমান নকল আকিজ বিড়ি জব্দ

খাগড়াছড়িতে বিপুল পরিমান নকল আকিজ বিড়ি জব্দ

ছবি: প্রতিনিধি

খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার দারোগাপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি জব্দ করা হয়েছে। শনিবার (০৯ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেডের কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন।

স্থানীয়রা জানায়, সরকারের মোটা অংকের টাকা রাজস্ব ফাঁকি দিয়ে কিছু অসাধু চক্র দীর্ঘদিন ধরে নকল আকিজ বিড়ি উৎপাদন করে খাগড়াছড়িসহ দেশের বিভিন্ন স্থানে বাজারজাত ও মজুদ করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে জেলার রামগড় উপজেলার দারোগাপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ওই বাড়ি থেকে চার হাজার (৪,০০০) শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি জব্দ করা হয়। এছাড়া নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেটও জব্দ করা হয়েছে।

বাড়ির মালিক জানান, একজন তার বাসা ভাড়া নিয়ে নকল বিড়ি ও সিগারেট মজুদ ও বিক্রি করে আসছিল। বিষয়টি আকিজ বিড়ির কর্মকর্তারা আমাকে অবহিত করলে আমি তাদেরকে সহযোগীতা করে নকল বিড়ি ও সিগারেট জব্দ করেছি।

নকল বিড়ি ও সিগারেটসহ চক্রকে ধরিয়ে দিবে বলে বাড়ির মালিক অঙ্গিকার করেছেন। অভিযুক্ত ব্যক্তিরা ভবিষ্যতে এই রকম কার্যক্রম করলে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে হুশিয়ার দেয়া হয়। অভিযান শেষে নকল বিড়ি ও সিগারেট আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেডের চট্টগ্রাম অঞ্চলের ব্যবস্থাপক (ইনচার্জ) মোঃ জসিম উদ্দিন জানান, আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেডের সুনাম নষ্ট করতে কিছু অসাধু চক্র নকল আকিজ বিড়ি তৈরি করছে। সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে তারা বিড়িতে নকল ব্যান্ডরোল ব্যবহার করে কম দামে বিড়ি বিক্রি করছে। এতে সরকার বিপুল পরিমানে রাজস্ব হারাচ্ছে। নকলের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে।