ঢাবিতে ছাত্র রাজনীতির ধরন নির্ধারণে কমিটি গঠন

ঢাবিতে ছাত্র রাজনীতির ধরন নির্ধারণে কমিটি গঠন

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির ধরন ও সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এক বিবৃতিতে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের নির্দেশনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পরামর্শ ও সুপারিশ দেওয়ার জন্য এই কমিটি গঠন করা হয়েছে। কমিটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির প্রকৃতি ও ধরন বিষয়ে প্রধান অংশীজনদের সঙ্গে আলোচনা করবে।

কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আব্দুল মতিন। এছাড়া কমিটির সদস্য হিসেবে আছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. জেড.এন. তাহমিদা বেগম, বাংলা একাডেমির চেয়ারম্যান আবুল কাসেম ফজলুল হক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. এস এম শামীম রেজা।

এ বিষয়ে ১০ অক্টোবর শিক্ষার্থীদের ছাত্র রাজনীতির প্রতি ক্ষোভের কারণে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং এখন, এক মাস পর, সেই কমিটি পূর্ণাঙ্গ হয়েছে।