কুতুবদিয়ায় ৪টি বসতঘর ভস্মীভূত
প্রতীকী ছবি
কুতুবদিয়ায় ৪টি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার দিবাগত আড়াই টার দিকে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মুরালিয়া পাড়া এলাকায় এ দূঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা জানিয়েছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রাপাত হয়। আগুন মূহুর্তের মধ্যে ৪টি বাড়িতে ছড়িয়ে পড়ে। পরে, "৯৯৯" নম্বরে কল করে সহযোগিতা চাইলে কুতুবদিয়া থানার পুলিশ ও নৌবাহিনীর একটি দলসহ কুতুবদিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে কাইসার উদ্দিন, নেছার উদ্দিন, ইয়াছিন ও জিকু মিয়ার বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
কুতুবদিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা সোহেল আহমেদ বলেন, আগুন লাগার খবর পেয়ে মূহুর্তের মধ্যে ঘটনাস্থলে দুটি দল নিয়ে চলে আসেন। পরে, দ্রুত সময়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ দূর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমান ৭ লাখের মতো হতে পারে বলে জানান।