মেরিন ড্রাইভে সড়ক দুর্ঘটনায় নির্বাচন কর্মকর্তা নিহত

মেরিন ড্রাইভে সড়ক দুর্ঘটনায় নির্বাচন কর্মকর্তা নিহত

ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে ট্রাক্টরের চাপায় আবদুর রহমান (৩৭) নামের একজন নিহত হয়েছেন। রোববার (১৭ নভেম্বর) সকাল ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভ সড়কে টেকনাফ শামলাপুর জাহাজপুরা এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত আবদুর রহমান উখিয়ার হলদিয়াপাং মরিচ্যা সাবেক জোনাব আলী পাড়ার আবদুল গফুরের ছেলে। তিনি টেকনাফ নির্বাচন অফিসের কর্মকর্তা।  

টেকনাফ বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. দস্তগীর হোসেন চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। 

কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা নাজিম উদ্দীন জানান, সকালে বাড়ি থেকে টেকনাফ থেকে কর্মস্থলে যাওয়ার পথে মেরিনড্রাইভ সড়কের জাহাজপুরা এলাকায় পৌঁছলে একটি বড় ট্রাক্টর পেছন থেকে আবদুর রহমানের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে গেলে আবারো তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। 

টেকনাফ বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. দস্তগীর হোসেন চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে। সুরতহাল রিপোর্ট তৈরির পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।