নেত্রকোনায় ২০ লাখ টাকার ভারতীয় কম্বল জব্দ, আটক ২
ছবিঃ সংগৃহিত।
নেত্রকোনার কলমাকান্দায় অবৈধভাবে আনা ৩৫২ পিস ভারতীয় কম্বল জব্দ এবং এক পুলিশ কনস্টেবলসহ দু’জনকে আটক করেছে সেনাবাহিনী। এসব কম্বলের আনুমানিক বাজারমূল্য ২০ লাখ টাকা।
রোববার (১৭ নভেম্বর) দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেন নেত্রকোনা সেনা ক্যাম্পের মেজর জিসানুল হায়দার।
জব্দ করা ভারতীয় কম্বলের আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে ২০ লাখ টাকা। এছাড়াও একটি ট্রাক, দু’টি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন - পুলিশ কনস্টেবল মো. আল আমিন মিয়া (৩০)। বর্তমানে তিনি কলমাকান্দা থানায় কর্মরত এবং তার বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার ধিকপুর গ্রামে। অপরজন হলেন কলমাকান্দার ডোয়ারিকোনা গ্রামের আব্দুল আলিম (৪৫)।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, রোববার ভোর সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কলমাকান্দা সেনা ক্যাম্পের মেজর নাজমুজ সাকিবের নেতৃত্বে একটি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় কলমকান্দা সদর ইউনিয়নের খাসপাড়া এলাকা হতে ৩৫২ পিস ভারতীয় কম্বলসহ একটি ট্রাক আটক করে সেনা সদস্যরা। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা থাকার সন্দেহে এক পুলিশ কনস্টেবলসহ দু’জনকে আটক করতে সক্ষম হয় টহল দল। আটককৃতদের ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই সেনা কর্মকর্তা।
এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, পুলিশ কনস্টেবলসহ কম্বল আটকের বিষয়টি শুনেছি। জব্দকৃত মালামাল ও আটককৃতদের এখনও থানায় হস্তান্তর করা হয়নি। তাদের থানায় হস্তান্তরের পর এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।