ওজু করার সঠিক নিয়ম
ফাইল ছবি
ওজু’ আরবি শব্দ। এর অর্থ পরিচ্ছন্ন, সুন্দর ও স্বচ্ছ। পারিভাষিক অর্থে বিশেষ নিয়মে বিভিন্ন অঙ্গ ধৌত করাকে ওজু বলা হয়। ওজু নামাজের অপরিহার্য শর্ত। অনেক ইবাদতের জন্য ওজু করতে হয়।
ওজুর বিধান সম্পর্কে পবিত্র কোরআনে এসেছে, ‘হে মুমিনরা! যখন তোমরা নামাজের জন্য প্রস্তুত হবে তখন তোমাদের মুখ ও হাত কনুই পর্যন্ত ধৌত করবে। এবং মাথা মাসেহ করবে আর পা টাখনু (গ্রন্থি) পর্যন্ত ধৌত করবে...’। (সূরা: মায়েদা, আয়াত: ৬)
ওজুতে এই কাজ ৪টি আদায় করা ফরজ। এর কোনোটি বাদ পড়লে কিংবা কোনটি সম্পাদনে চুল পরিমাণ কোনো স্থান শুকনো থাকলেও ওজু হবে না।
ধারাবাহিকভাবে ওজুর ফরজ ও নিয়মগুলো তুলে ধরা হলো-
১. পুরো মুখমণ্ডল ধৌত করা। এর সীমানা হলো, কপালের উপরিভাগে চুলের উৎপাদনস্থল থেকে থুতনির নীচ পর্যন্ত, এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত। (সুরা মায়েদা : আয়াত ৬, আল কামুসুল ফিকহি)
২. উভয় হাত কনুইসহ ধৌত করা। (সূরা: মায়েদা, আয়াত: ৬, বুখারি)
৩. মাথা মাসেহ করা। এর পরিমাণ হলো- মাথার চার ভাগের এক ভাগ মাসেহ করা। (সূরা: মায়েদা, আয়াত: ৬, মুসলিম)
৪. উভয় পা টাখনুসহ ধৌত করা। (সূরা: মায়েদা, আয়াত: ৬, বুখারি)
এ ৪টি কাজের কোনো একটি বা ওজুর এই সীমানার মধ্যে চুল পরিমাণ স্থান শুকনো থাকলেও ওজু হবে না। তবে ওজুর ৪টি ফরজ ছাড়াও ওজুর সুন্নত ও মুস্তাহাব কাজ আছে। সেগুলো ওজুকে আরো ফজিলতপূর্ণ করে তোলে।
ফরজ, সুন্নত ও মুস্তাহাবের আলোকে ধারাবাহিক ওজুর নিয়ম-
১. নিয়্যাত করা। (সুন্নত)
২. ওজুর শুরুতে বিসমিল্লাহ বলা। (সুন্নত)
৩. উভয় হাত কব্জি পর্যন্ত ধৌত করা। (সুন্নত)
৪. মিসওয়াক করা। (সুন্নত)
৫. কুলি করা। (সুন্নত)
৬. নাকে পানি দেওয়া। (সুন্নত)
৭. পুরো মুখমণ্ডল ধৌত করা। (ফরজ)
৮. দাড়ি ঘন হলে আঙুল দিয়ে খিলাল করা। (সুন্নত)
৯. উভয় হাত কনুইসহ ধৌত করা। (ফরজ)
১০. মাথার ৪ ভাগের ১ ভাগ মাসেহ করা। (ফরজ)
১১. সমস্ত মাথা ১ বার মাসেহ করা। (সুন্নত)
১২. কান মাসেহ করা। (সুন্নত)
১৩. ঘাড় বা গর্দান হাতের আঙ্গুলের পিঠ দিয়ে মাসেহ করা। (মুস্তাহাব) কান ও গর্দান মাসেহের ক্ষেত্রে নতুন করে পানি নেয়ার দরকার নেই। মাথা মাসেহ করার পানি দিয়ে করলেই চলবে।
১৪. উভয় পা টাখনুসহ ধৌত করা। (ফরজ)
১৫. উভয় হাত এবং পায়ের আঙ্গুলগুলো খিলাল করা। (সুন্নত)
১৬. প্রত্যেক অঙ্গকে ৩ বার করে ধৌত করা। (সুন্নত)
১৭. ধারবাহিকভাবে ওজু করা। (সুন্নত)
১৮. এক অঙ্গ শুকানোর আগেই পরবর্তী অঙ্গ ধৌত করা। (সুন্নত)
১৯. ডানদিক থেকে ওজু শুরু করা। (সুন্নত)