মার্কিন নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে হরমুজ পাড়ি দিলো রুশ প্রমোদতরী ‘নর্ড’

মার্কিন নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে হরমুজ পাড়ি দিলো রুশ প্রমোদতরী ‘নর্ড’

মার্কিন নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে হরমুজ পাড়ি দিলো রুশ প্রমোদতরী ‘নর্ড’।। ছবিঃ সংগৃহীত।

ভূ-রাজনৈতিক উত্তেজনা ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যেও বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি অতিক্রম করেছে রুশ ধনকুবের আলেক্সি মোর্দাসোভের সঙ্গে সংশ্লিষ্ট বিলাসবহুল প্রমোদতরি ‘নর্ড’। প্রায় ৫০০ মিলিয়ন ডলার (প্রায় ৬ হাজার কোটি টাকা) মূল্যের এ ইয়টটি গত রোববার (২৬ এপ্রিল) ভোরে ওমানের মাসকাট বন্দরে নোঙর করে বলে জানিয়েছে বিবিসি।

শিপিং তথ্য অনুযায়ী, ৪৬৫ ফুট দীর্ঘ এই প্রমোদতরি গত শুক্রবার (২৪ এপ্রিল) গ্রিনিচ মান সময় দুপুর ২টায় দুবাই মেরিনা থেকে যাত্রা শুরু করে এবং শনিবার সকালে কঠোর নিরাপত্তাবেষ্টিত হরমুজ প্রণালি অতিক্রম করে। বর্তমানে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার কারণে এ নৌপথে স্বাভাবিক জাহাজ চলাচল প্রায় বন্ধ রয়েছে। আগে যেখানে প্রতিদিন গড়ে ১৪০টি জাহাজ চলাচল করত, এখন সেখানে সীমিত সংখ্যক বাণিজ্যিক জাহাজকে অনুমতি দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে একটি ব্যক্তিগত বিলাসতরীর চলাচল নিয়ে প্রশ্ন উঠেছে।

স্টিল ব্যবসায়ী আলেক্সি মোর্দাসোভ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। যদিও ‘নর্ড’ ইয়টটির মালিক হিসেবে তার নাম সরাসরি নেই, তবে ২০২৫ সালের নথি অনুযায়ী এটি তার স্ত্রীর মালিকানাধীন একটি রুশ প্রতিষ্ঠানের নামে নিবন্ধিত।

রাশিয়া ও ইরানের মধ্যকার ক্রমবর্ধমান ঘনিষ্ঠ সম্পর্কই এই চলাচলের মূল চাবিকাঠি বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে ২০২৫ সালে দেশ দুটির মধ্যে নিরাপত্তা ও গোয়েন্দা সহযোগিতা বৃদ্ধির চুক্তির পর এই সম্পর্ক আরও জোরালো হয়েছে।

উল্লেখ্য, বিশ্বের বৃহত্তম ইয়টগুলোর অন্যতম এই ‘নর্ড’-এ রয়েছে ২০টি স্টেরুম বা বিলাসবহুল শয়নকক্ষ, সুইমিং পুল, হেলিপ্যাড এবং একটি ব্যক্তিগত সাবমেরিন। বর্তমানে এটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে আলোচনার কেন্দ্রে রয়েছে।