ভাড়া বাড়িতে নারীসহ হাতেনাতে আটক পুলিশ সার্জেন্ট, অতঃপর...
ফাইল ছবি
রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে নারী নিয়ে ফুর্তি করতে গিয়ে ধরা খাওয়ার অভিযোগে আইনুল হক সবুজ নামে এক সার্জেন্টকে পুলিশ লাইন্সে প্রত্যাহার করে নেয়া হয়েছে।
প্রত্যাহারকৃত সার্জেন্ট আইনুল হক সবুজ রাজশাহী জেলা পুলিশের ট্রাফিক বিভাগের বানেশ্বর ফাঁড়িতে কর্মরত ছিলেন। গত সোমবার (১৮ নভেম্বর) তাকে প্রত্যাহার করে নেয়া হয়। এছাড়া নারী কেলেঙ্কারির বিষয়ে তদন্তে নেমেছে জেলা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও মিডিয়া মুখপাত্র রফিকুল আলম বলেন, নারীঘটিত একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে সার্জেন্ট আইনুল হক সবুজকে পুলিশ লাইন্সে প্রত্যাহার করে নেয়া হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।
স্থানীয়রা জানান, গত ৮ নভেম্বর বানেশ্বর ট্রাফিক পুলিশের সার্জেন্ট আইনুল হক সবুজ এক নারীকে নিয়ে তার ভাড়া বাড়িতে যান। বানেশ্বর ট্রাফিক পুলিশ বক্সের পাশের ওই বাড়িতে যাওয়ার কিছুক্ষণ পরেই এলাকাবাসী বিষয়টি টের পান। এরপর তারা আইনুল হক সবুজসহ ওই নারীকে হাতেনাতে আটক করেন।
আটকের পর সার্জেন্ট সবুজ এলাকাবাসীর কাছে দাবি করেন, ওই নারী তার প্রেমিকা। তবে তার স্ত্রীও রয়েছে। সে কারণে তিনি তার প্রেমিকাকে বিয়ে করতে পারছেন না। স্ত্রী থাকার কারণে প্রেমিকাও সবুজকে বিয়ে করতে রাজি হচ্ছিলেন না। এ অবস্থায় ঘণ্টা দুয়েক পরে ওই নারীকে ছেড়ে দেওয়া হয়। এছাড়া সবুজকে সাত দিনের মধ্যে বাড়ি ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ দেন বাড়ির মালিক।
এ বিষয়ে সার্জেন্ট আইনুল হক সবুজ বলেন, আমি এসব ঘটনার সঙ্গে জড়িত নই। তবে আমাকে প্রত্যাহার করে নেয়া হয়েছে। আমি পুলিশ লাইন্সে আছি। এর বেশি কিছু জানি না।