শেরপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে চাল বিতরণ

শেরপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে চাল বিতরণ

সংগৃহীত ছবি

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বন্যা ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৮০০ পরিবারের মধ্যে সরকারি ত্রাণ হিসেবে জেনারেল রিলিফের (জিআর) চাল বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) বিকেলে ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। 

চাল বিতরণ কার্যক্রমে এমপি রুবেল বলেছেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সব সময় রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। এই এলাকাটি নানা প্রকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ। ইতিমধ্যেই বিষয়টি সংসদে আলোচনা করে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি। 
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঝিনাইগাতী সদর ও নলকুড়া ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ৮০০ পরিবারের জন্য মোট ২০ মেট্রিক টন জিআর চাল বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি পরিবারকে ২৫ কেজি করে চাল দেওয়া হয়।

চাল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমীন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব মো. লুৎফর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাজীবুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মো. রুকুন উজ্জামান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাজীবুল ইসলাম জানান, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের খাদ্যসংকট লাঘবে সরকার এ চাল বরাদ্দ দিয়েছে। স্বচ্ছতার সঙ্গে প্রকৃত উপকারভোগীদের মধ্যে এসব চাল বিতরণ করা হচ্ছে।