​ ভাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় মা-মেয়ে নিহত

​ ভাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় মা-মেয়ে নিহত

ফাইল ছবি

ভাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় রাস্তার উপর ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে মা ও মেয়ে নিহত হয়েছে। বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা পৌরসভার হাজরাহাটি মহল্লার চারা বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন ভাঙ্গা পৌরসভার কুঠিবাড়ি চরকান্দা মহল্লার আকরাম শেখের স্ত্রী সাজেদা আক্তার (৫০) এবং তার মেয়ে আছিয়া আক্তার (৫)। ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহ হেল বাকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

ভাঙ্গা হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা পৌরসভার হাজরাহাটি মহল্লার চারা বটতলা নামক স্থানে রাস্তা পারাপারের সময়  সাজেদা আক্তার এবং তার মেয়ে আছিয়া আক্তারকে ভাঙ্গা উপজেলার মুনসুরাবাদ থেকে‌ ভাঙ্গাগামী দ্রুতগতিসম্পন্ন একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এসময় তারা রাস্তায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ এবং এলাকাবাসী তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে অবস্থার অবনতি ঘটলে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মা সাজেদা আক্তারকে মৃত ঘোষণা করেন। পরে রাত ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেয়ে আছিয়া আক্তার  মারা যায়। 

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহ হেল বাকী বলেন, অজ্ঞাত চালকের মোটরসাইকেলটি ধরার চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।