ময়মনসিংহে কেরাত ও হামদ-নাত প্রতিযোগিতায় কওমি শিক্ষার্থীদের মিলনমেলা

ময়মনসিংহে কেরাত ও হামদ-নাত প্রতিযোগিতায় কওমি শিক্ষার্থীদের মিলনমেলা

সংগৃহীত

পবিত্র কুরআনের সুমধুর তিলওয়াত আর হামদ-নাতের সুরে মুখরিত ময়মনসিংহের টাউন হল মিলনায়তন। অপসংস্কৃতির ভিড়ে সুস্থ সংস্কৃতির বিকাশ ও প্রতিভা অন্বেষণে বসেছিল কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের এই মিলনমেলা।

মঙ্গলবার (১৯ মে) ময়মনসিংহ সিটি করপোরেশনের আয়োজনে প্রথমবারের মতো এই হিফজুল কুরআন, কেরাত ও হামদ-নাত প্রতিযোগিতায় অংশ নেয় নগরীর বিভিন্ন মাদ্রাসার ১ হাজার ৪৯ জন শিক্ষার্থী। কয়েক ধাপের বাছাই শেষে মঙ্গলবার দিনভর অনুষ্ঠিত হয় এর চূড়ান্ত পর্ব। এতে সহযোগীতায় ছিলো আলেম-ওলামাদের সংগঠন ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী।

কুরআনের সুর, হামদ-নাতের আবেগ আর সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এই আয়োজন ঘিরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। প্রতিযোগিতায় অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা। দিনভর প্রতিযোগীতা শেষে রাতে হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন।

তিনি বলেন, সুস্থ সাংস্কৃতিক চর্চা বাড়ানো এবং শিক্ষার্থীরা যেন আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিজেদের প্রস্তুত করতে পারে সেজন্যই শিক্ষার্থীদের ভেতরের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করতেই এই প্রয়াস। যা অব্যাহত থাকবে আগামীতেও।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কেন্দ্রীয় সভাপতি আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদী, সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, সিটি করপোরেশনের প্রধান ক্রয় কর্মকর্তা এ এইচ এম আরিফুল ইসলাম প্রমুখ।

পরে ৮ টি ক্যাটাগরিতে মোট ৮১ জনকে সনদ ও নগদ অর্থ তুলে দেন অতিথিরা।