হাতীবান্ধায় ধান কাটা নিয়ে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১১
প্রতীকী ছবি
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ধান কাটাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ইউপি সদস্যসহ উভয় পক্ষে অন্তত ১১ জন আহত হয়েছেন।
শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি সীমান্তে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন, উপজেলার টংভাঙ্গা ইউপি সদস্য আব্দুল হামিদ (৪০), সাকিব (১৭), সৌরভ (১৮), মিনারুল (৩৮), সিরাজুল (৩৮), আবদার রহমান (৫০), জুয়েল (৩৬), সুমন (২৯), মনির (২০), কাজল (২৪), ও জিবন (১৯)। আহতরা হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
জানা গেছে, উপজেলার গেন্দুকুড়ি উত্তর সীমান্ত এলাকার আবাদি জমি নিয়ে ইউপি সদস্য আব্দুল হামিদের সঙ্গে একই এলাকার আতিকুল ও নূরলদের দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ জমির ধান কাটতে শুক্রবার সকালে উভয় পক্ষের লোকজন খেতের পাশে জমায়েত হন। পরে উভয়ের মাঝে উত্তেজনা সৃষ্টির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এতে ইউপি সদস্য আব্দুল হামিদসহ উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হন।
খবর পেয়ে থানা পুলিশ ও স্থানীয় বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।