নবীনগরে মার্কেটে আগুন লেগে ১২ দোকান পুড়ে ছাই

নবীনগরে মার্কেটে আগুন লেগে ১২ দোকান পুড়ে ছাই

প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি বিপণীবিতানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (২২ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলা সদরের নবীনগর পৌর মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে আনে।

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী জানান, বিকেলে নবীনগর উপজেলা সহকারী কমিশনারের কার্যালয়ের সামনে অবস্থিত পৌর মার্কেটের একটি দোকানে আগুন লাগে। পরে তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেটি এখনও নিশ্চিত নয়। আগুনে তেল, লেপ-তোষক ও ফার্মেসিসহ ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।