মনোহরদীতে প্রতিপক্ষের হামলায় নিহত ১
প্রতিকী ছবি
নরসিংদীর মনোহরদীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আইন উদ্দিন (৩৮) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ২ জন আহত হয়েছেন।
শুক্রবার (২২ নভেম্বর) বিকালে মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বীরগাঁও গ্রামে হামলার ঘটনা ঘটে। হামলায় আহত আইন উদ্দিন রাত সাড়ে আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে মৃত্যুবরণ করেন।
নিহত আইন উদ্দিন উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বীরগাঁও গ্রামের মৃত ইছাম উদ্দিনের ছেলে। তিনি দুই ছেলে সন্তানের জনক এবং পেশায় একজন কৃষক। এ ঘটনায় আহতরা হলেন, নিহতের ভাই মাইন উদ্দিন ও তার স্ত্রী সাথী আক্তার।
নিহতের ভাই মাইন উদ্দিন জানান, প্রায় এক মাস ধরে তাদের প্রতিবেশী মৃত জালাল উদ্দিনের ছেলে রফিকুলের সঙ্গে বসতভিটার জমি নিয়ে বিরোধ চলছে। এ ঘটনার জেরে প্রতিপক্ষ রফিকুল তার শ্বশুরবাড়ির লোকজনকে নিয়ে দেশিয় অস্ত্রসহ দলবল নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়।
এ সময় তাদেরকে দেখে তিনি ঘরের দরজা বন্ধ করে দেন। কিন্তু তার ভাই আইন উদ্দিন বাহির থেকে বাড়িতে আসলে তাকে ঘিরে ধরে মারধর করা হয়। এরপর তাকে ও তার স্ত্রীকে ঘরের দরজা ভেঙে বাইরে নিয়ে এসে মারধর করা হয়। হামলায় তার ভাই মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। তাকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে আটটায় তিনি মারা যান। অপরদিকে, মাইন উদ্দিন ও তার স্ত্রী চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে আসেন।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।