ফুলপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যু
ফাইল ছবি
ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আলী আকবর খান মানিক (৫০) নামে এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আলী আকবর খান উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের মিচকিপাড়া নওজোয়ান উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও হালুয়াঘাট উপজেলার বিলডোরা ইউনিয়নের ঔটি গ্রামের মৌলভী বখতার হোসেন খানের পুত্র। তিনি প্রায় ১৫ বছর আগে ফুলপুরের ভাইটকান্দি বাজার এলাকার হাসান আলীর মেয়েকে বিবাহ করেন এবং শ্বশুড়ের বাসায় থেকে শিক্ষকতা করতেন। তিনি ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পদে ছিলেন।
পরে প্রধান শিক্ষক অবসরে চলে গেলে তাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়। সম্প্রতি তাকে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার জন্য সব রকম কথাবার্তা চূড়ান্ত হয়েছিল কিন্তু আগস্টের পটপরিবর্তনে তা আর বাস্তবায়ন হয়নি।
গতকাল শনিবার সন্ধ্যায় ভাইটকান্দি বাজার থেকে মোটর সাইকেলযোগে বিশেষ কাজে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়ক দিয়ে ফুলপুর যাওয়ার পথে মোকামিয়া বাজার এলাকায় পৌঁছলে হঠাৎ একজন লোক তার সামনে পড়ে যায়। এসময় কড়া ব্রেক টানলে তিনি গাড়ি থেকে ছিটকে সড়কে পড়ে যান এবং মাথায় মারাত্মক আঘাতপ্রাপ্ত হন।
আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার অবস্থা আশংকাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নেওয়ার পর তার অবস্থার আরও অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরে ঢাকায় নেওয়ার পথে আজ ভোর ৫টার আগে তার মৃত্যু হয়।
জানতে চাইলে ফুলপুর থানার ওসি আব্দুল হাদি বলেন, ঘটনাটি শুনেছি। এ ব্যাপারে বিস্তারিত জেনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।