যে সকল সবজি কোলেস্টেরল কমায় এবং হার্টকে সুস্থ রাখে

যে সকল সবজি কোলেস্টেরল কমায় এবং হার্টকে সুস্থ রাখে

ছবিঃ সংগৃহীত।

কোলেস্টেরল হলো এক ধরনের মোমজাতীয় রক্তের চর্বি। একটি নির্দিষ্ট লেভেল পর্যন্ত কোলেস্টেরল আমাদের শরীরের জন্য প্রয়োজনীয়। কারণ কোষ তৈরিতে ও ভিটামিন-হরমোন তৈরিতে শরীরের কোলেস্টেরল প্রয়োজন হয়। সমস্যা তৈরি হয় কোলেস্টেরলের পরিমাণ বেড়ে গেলে। কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে এটি ধমনীতে জমা হয়, যা হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ায়।

তবে জীবনযাপন ও খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে কোলেস্টেরল নিয়ন্ত্রণ করা সম্ভব। ওষুধের পাশাপাশি সুষম খাবার এবং নিয়মিত ব্যায়াম স্বাস্থ্যকর কোলেস্টেরলের মাত্রা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উচ্চ ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ৫ সবজি কোলেস্টেরল কমাতে বিশেষভাবে উপকারী। জেনে নিন সেগুলো কী কী।

১.গাজরে রয়েছে বায়োঅ্যাকটিভ যৌগ এবং দ্রবণীয় ফাইবার যা শরীরে কোলেস্টেরল শোষণ কমায় এবং উচ্চ কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এছাড়া গাজর, ভিটামিন এ সমৃদ্ধ, যা দৃষ্টিশক্তি এবং ত্বক ভালো রাখে। 

২.লাউয়ে প্রচুর পরিমাণে পানি ফাইবার রয়েছে, যা হজমের সমস্যা দূর করে। এটি পেট পরিষ্কার করতে, কোষ্ঠকাঠিন্য দূর করতে এবং স্বাস্থ্যকর কোলেস্টেরলের মাত্রা বজায় রাখতে সহায়তা করে। লাউ নিয়মিত খেলে ওজন নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়।

৩.টমেটো লাইকোপেন সমৃদ্ধ। এটি একটি অ্যান্টিঅক্সিডেন্ট যা খারাপ কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড কমাতে সাহায্য করে। টমেটোতে থাকা ফাইবার শরীরে কোলেস্টেরল শোষণকেও কমায়। নিয়মিত টমেটো খেলে তাই হৃদরোগের ঝুঁকি কমে।

৪.পালং শাককে বলা হয় পুষ্টির পাওয়ার হাউস। ফাইবার, ভিটামিন এ, সি, এবং কে এর পাশাপাশি আয়রন, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম সমৃদ্ধ এই শাক। পালং শাকের ফাইবার হজমে সহায়ক। কোলেস্টেরলের মাত্রা ও হৃদরোগের ঝুঁকি হ্রাস করে উপকারী এই শাক। পালং শাকের পটাসিয়াম এবং ম্যাগনেসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। এর অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য শরীরকে ফ্রি র‌্যাডিক্যাল ক্ষতি থেকে রক্ষা করে এবং প্রদাহ কমায়।

৫.কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে খেতে পারেন ব্রকোলি। সালফোরাফেন মেলে এতে। যৌগটি খারাপ কোলেস্টেরল মাত্রা কমাতে সাহায্য করে। ব্রকলিতে থাকা ফাইবার শরীর থেকে খারাপ কোলেস্টেরল দূর করতে সাহায্য করে। ভিটামিন সি এবং কে সমৃদ্ধ ব্রকোলি রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে।