টঙ্গীতে মাদক ব্যবসার জেরে পায়ের রগ কেটে যুবককে হত্যা
ফাইল ছবি
গাজীপুরের টঙ্গীতে মাদক ব্যবসাকে কেন্দ্র করে নূরুল ইসলাম (৪০) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে পায়ের রগ কেটে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে টঙ্গীর গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নূরুল ইসলাম গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপরিবাড়ি এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি টঙ্গীর গোপালপুর এলাকার একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন।
পুলিশ জানায়, মাদক ক্রয়-বিক্রয়কে কেন্দ্র করে স্থানীয় কতিপয় যুবকের সঙ্গে নূরুল ইসলামের বিরোধ চলছিল। এরই জের ধরে মঙ্গলবার রাত ৮টার দিকে কয়েকজন যুবক নিজ বাসা থেকে নূরুল ইসলামকে ডেকে নিয়ে যায়। পরে রাত পৌনে ১২টার দিকে গোপালপুর এলাকার একটি বালুর মাঠে তাকে ধারালো অস্ত্র দিয়ে দুই পায়ের রগ কেটে গুরুতর আহত করে তারা। আহত অবস্থায় নূরুল ইসলামকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে দেয় দুর্বৃত্তরা। পরে তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ রাতেই জিসান নামে এক যুবককে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে।
এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, এ ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।