ঢাকায় আসার পথে ৩৬ নারী-পুরুষকে পুলিশ হেফাজতে
ছবি : সংগৃহীত
অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের ব্যানারে ঢাকায় আসার পথে মাগুরা থেকে ৩৬ নারী-পুরুষকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। রবিবার সন্ধ্যায় মাগুরা শহরের পারনান্দুয়ালী বাস টার্মিনাল থেকে এম এম পরিবহনের একটি বাসে যাওয়ার সময় তাদের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়। এসময় তাদের কাছে অহিংস গনঅভ্যুত্থান বাংলাদেশের একটি ব্যানার ও কিছু পরিচয় পত্র পাওয়া যায়। পুলিশ হেফাজতে নেওয়া ৩৬ জনের মধ্যে ৩০ জন নারী ও ছয়জন পুরুষ রয়েছে। তাদের সঙ্গে আট জন শিশুসন্তান রয়েছে।
পুলিশ হেফাজতে নেওয়া নারী ও পুরুষরা জানান, তাদের বিনা সুদে লোন দেওয়া হবে এমন প্রতিশ্রুতি দিয়ে মো. তারেক নামের এক ব্যক্তি তাদের ঢাকার সাভারে নিয়ে যাচ্ছিল।
টিমের নেতৃত্ব দেওয়া আখিরুন নামের এক নারী জানান, মো. তারেক নামের এক ব্যক্তি যার বাড়ি মাগুরার হাজিপুর গ্রামে। লোক মারফত জানতে পারি যে সকল টাকা বিদেশে পাচার হয়েছে সেই টাকা দেশে ফিরিয়ে এনে গরিব অসহায়দের মাঝে এক থেকে দুই লাখ টাকা বিনা সুদে ঋণ দেওয়া হবে। আমাদের এই বিষয়টি বুঝিয়ে ঢাকাতে নিয়ে যাচ্ছিল। এসকল আন্দোলনের বিষয়ে আমাদের কিছু জানা নাই। আমরা গরিব মানুষ বিনা সুদে লোন পাবো সেই লোভে ঢাকাতে যাচ্ছিলাম।
মাগুরা সদর থানার এএসআই সুমিত কুমার সাহা বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের ব্যানারে কিছু মানুষ ঢাকায় আন্দোলন করতে যাচ্ছে। একজন ব্যক্তি তাদের বুঝিয়েছিল বিদেশে যারা টাকা পাচার করেছে আন্দোলনের মাধ্যমে সেই টাকা দেশে ফিরিয়ে এনে তাদেরকে এক থেকে দুই লাখ টাকা বিনা সুদে লোন দেয়া হবে। গ্রামের সহজ সরল মানুষগুলো সেই লোভে পড়ে ঢাকাতে যাচ্ছিল।
খবর পেয়ে পৌর বাস টার্মিনাল এলাকা থেকে ৩৬ জন নারী-পুরুষকে একটি পরিবহনসহ পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হবে।