চাঁদপুরে ৩ মাদক কারবারি গ্রেফতার
ছবি : প্রতীকি
চাঁদপুর জেলা টাস্কফোর্সের অভিযানে বিপুল পরিমাণ মাদক ও মাদক বিক্রির সরঞ্জামসহ কারবারি শাহজাহান গাজী (৫৫), তার ছেলে ফয়েজ (২৫) ও পারভেজ গাজীকে (২২) গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ভোরে দিকে সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।
গ্রেফতার শাহজাহান গাজী শ্রীরামপুর বহরিয়া বাজার এলাকার গাজী বাড়ীর হাকীম গাজীর ছেলে, পারভেজ ও ফয়েজ শাহজাহান গাজীর ছেলে।
চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মে:আসাদুজ্জামান সরকার জানান, ভোর ৬ টার দিকে লক্ষ্মীপুর ইউনিয়ন এর শ্রীরামপুর গ্রামে টাস্কফোর্সের অভিযানে ৩জন আসামীকে গ্রেফতার ও ৪৫০ গ্রাম গাঁজা, ১২৮ পিচ ইয়াবা ট্যাবলেট, ১টি ডিজিটাল মেশিন, ১০টি মোবাইল, ও ১৬ হাজার ১শ’ ১০ টাকা জব্দ করা হয়। আসামীদের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অন্যান্য কর্মকর্তা, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা অভিযানে উপস্থিত ছিলেন।