চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ

চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ

সংগৃহীত

চট্রগ্রামে আদালত চত্বরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ৯টার দিকে জেলা শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

গণপূর্ত ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। সুধারাম থানা প্রদক্ষিণ করে শেষ হয় টাউন হলের মোড় গিয়ে। বিক্ষোভ থেকে অবিলম্বে আলিফের হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানানো হয়। পাশাপাশি জানানো হয় ইসকন নিষিদ্ধের দাবিও।

এই সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় উচ্চতর পরিষদের সদস্য আব্দুজ জাহের, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নোয়াখালী জেলার সমন্বয়ক ফরহাদুল ইসলাম, গণঅধিকার পরিষদের নোয়াখালী জেলার সাবেক আহ্বায়ক তাজুল ইসলাম সুমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম ও যুগ্ম আহ্বায়ক বিপ্লব চৌধুরী।

এছাড়া আরও ছিলেন যুব অধিকার পরিষদের নোয়াখালী জেলার সভাপতি ওসমান গণি রুবেল, যুব অধিকার পরিষদের সাবেক অর্থ সম্পাদক রাসেল, আইনজীবী অধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য এডভোকেট মারুফ, শ্রমিক অধিকার পরিষদের নুরনবী টিপুসহ গণঅধিকার পরিষদ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। 

মঙ্গলবার সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাশের মুক্তির দাবিতে তার সমর্থকরা চট্টগ্রামের আদালত চত্বরে প্রায় তিন ঘণ্টা পুলিশের প্রিজনভ্যান আটকে রাখেন। পরে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশ লাটিচার্জ করে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। 

 এ সময় আইনজীবী সাইফুল ইসলামকে দুস্কৃতিকারীরা কুপিয়ে আহত করে ফেলে যায়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা আইনজীবী সাইফুলকে মৃত ঘোষণা করেন।

এই হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুরান ঢাকার জজ কোর্ট এলাকায় আইনজীবীরা বিক্ষোভ মিছিল করেন। 

এ সময় ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম মিয়া ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলামের নেতৃত্বে দুই শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন। জড়িদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন তারা। অন্যথায় আদালতসহ সবকিছু অচল করে দেয়ারও হুঁশিয়ারি দেন।