পূর্বাচল বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ দালালের কারাদণ্ড

পূর্বাচল বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ দালালের কারাদণ্ড

ফাইল ছবি

রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গ্রাহক হয়রানি ও প্রতারণার অভিযোগে তিন দালালকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-৪, পূর্বাচল কার্যালয় ও এর আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার। এ সময় বিআরটিএর কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে মো. মামুনুর রশীদকে (৩৮) এক মাস বিনাশ্রম কারাদণ্ড, মো. উমর ফারুককে (২৬) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মো. রিফাতকে (২৩) ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বিআরটিএ সূত্র জানায়, ৩০০ ফিট সড়কের নীলা মার্কেট সংলগ্ন এলাকায় গ্রাহকদের বিভিন্নভাবে হয়রানি ও প্রতারণার অভিযোগে তিন ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে তাদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।