মহিপুরে সাড়ে ২৫ হাজার পিস ইয়াবা উদ্ধার
ছবি : সংগৃহীত
পটুয়াখালীর মহিপুরে ২৫ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করেছে নিজামপুর কোস্টগার্ড। এসব মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ৭৬ লাখ ৫০ হাজার টাকা।মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে ৭ নম্বর ওয়ার্ড নিজামপুর এলাকায় অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।
কোস্টগার্ড মিডিয়া সেল কর্মকতা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ড জানায়, মঙ্গলবার রাত ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে ৭ নম্বর ওয়ার্ড নিজামপুর এলাকায় অভিযান পরিচালনার সময় এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হয়। তাকে থামানোর চেষ্টা করলে কোস্টগার্ডের উপস্থিত টের পেয়ে সঙ্গে থাকা একটি বাজারের ব্যাগ ফেলে পার্শ্ববর্তী ঘনবসতিপূর্ণ এলাকায় পালিয়ে যায় সে। পরে তল্লাশি করে ব্যাগে রাখা তিনটি কার্টুন থেকে ২৫ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে এসব মাদক আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মহিপুর থানায় হস্তান্তর করেন।
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম ঢাকা মেইলকে জানান, জব্দকৃত ইয়াবা থানার মালখানায় সংরক্ষিত রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।