মাদক নিয়ন্ত্রণে মগবাজারে মতবিনিময় সভা
সংগৃহীত
মাদক ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে রাজধানীর মগবাজারের স্থানীয় নাগরিকদের সঙ্গে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে ঝিলকানন এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
‘ঝিলকানন সমাজ কল্যাণ সমিতি’ আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (তেজগাঁও শিল্পাঞ্চল জোন) মো. সাইদুর রহমান শেখ।
এ সময় হাতিরঝিল থানাধীন এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং করণীয় বিষয়ে স্থানীয় বাসিন্দা ও সমাজকল্যাণ সমিতির নেতৃবৃন্দ পুলিশের সঙ্গে মতবিনিময় করেন। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক সমস্যার কথা তুলে ধরেন এবং দ্রুত সমাধানের দাবি জানান তারা।
এছাড়া এলাকাবাসী কিছু মাদক স্পট চিহ্নিত করে সেগুলোতে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান। সভায় উপস্থিত ডিএমপি কর্মকর্তারা এসব সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সাইদুর রহমান শেখ জরুরি প্রয়োজনে ৯৯৯ নাম্বারে কল করে পুলিশকে সহযোগিতা করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন হাতিরঝিল থানার ওসি মো. আসাদুজ্জামান, ঝিলকানন সমাজ কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল হোসেন, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম চৌধুরীসহ স্থানীয় ব্যক্তিবর্গ।