রয়েল এনফিল্ড আগামী বছরের শুরুতেই নতুন বাইক আনছে

রয়েল এনফিল্ড আগামী বছরের শুরুতেই নতুন বাইক আনছে

ফাইল ছবি

আগামী বছরের শুরুতেই বাজারে নতুন মডেলের মোটরসাইকেল হাজির করছে রয়েল এনফিল্ড। প্রতিষ্ঠানটি ৬৫০ সিসির নতুন বাইক আনছে। যার মডেল রয়েল এনফিল্ড ক্ল্যাসিক টুইন ৬৫০।

ভারতের গোয়ায় অনুষ্ঠিত মোটোভার্স ২০২৪ এর আসরে এই বাইকটি উন্মোচন করা হয়। ২০২৫ সালের শুরুতে মডেলটি বাজারে আসবে। 

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী বছর অর্থাৎ ২০২৫-এর জানুয়ারিতে ভারতের বাজারে লঞ্চ করবে রয়েল এনফিল্ড ক্ল্যাসিক টুইন ৬৫০ মডেল।

রয়েল এনফিল্ডের ঘোষিত তিনটি ৬৫০ সিসি বাইকের মধ্যে এটি সর্বপ্রথম মডেল হিসাবে আসছে। আবার স্ক্র্যাম ৪৪০ নতুন কালার অপশনের পাশাপাশি গেরিলা ৪৫০ মডেলকেও জানুয়ারিতেই বাজারে হাজির করা হবে।

আসন্ন রয়েল এনফিল্ড ক্ল্যাসিক টুইন ৬৫০ মডেলটি হচ্ছে ক্ল্যাসিক সিরিজের নতুন ফ্ল্যাগশিপ বাইক। এটা শটগান ৬৫০-এর প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে আসবে। ৩৫০ সিসি মডেলের সঙ্গে অনেকাংশেই মিল থাকবে বাইকটির। 

স্টাইলিং এবং ডিজাইন

ক্ল্যাসিক ৬৫০ টুইন বাইকটি অনেকটা তার ছোটো ভাই ক্ল্যাসিক ৩৫০-এর মতোই দেখতে। তবে এটি অনেক বেশি শক্তিশালী এবং স্টাইলিশ। বাইকটিতে রয়েছে রেট্রো-স্টাইল এলইডি হেডল্যাম্প, টিয়ারড্রপ আকৃতির ফুয়েল ট্যাঙ্ক, রঙের সঙ্গে মানানসই ৪৩ মিমি শোয়া ফ্রন্ট ফর্ক, টুইন শক অ্যাবজর্বার রিয়ার সাসপেনশন, স্পোক হুইলসহ টায়ার ক্রোম ফিনিশ এগজস্ট এবং চওড়া রিয়ার ফেন্ডার। বাইকটি চারটি রঙে পাওয়া যাবে – টিল, ভেলাম রেড, ব্রাংটিঙ্গথর্প ব্লু এবং ব্ল্যাক ক্রোম।

ফিচার এবং ব্রেকিং সিস্টেম

বাইকটিতে থাকছে অ্যানালগ-ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, ট্রিপার নেভিগেশন ডিসপ্লে, এলইডি লাইটিং, অ্যাডজাস্টেবল লিভার, ডুয়েল-চ্যানেল এবিএস সহ ডিস্ক ব্রেক। এটা রয়েল এনফিল্ডের সবচেয়ে ভারী বাইকগুলির মধ্যে একটি, যার ওজন ২৪৩ কেজি (কার্ব ওয়েট)।

ইঞ্জিন এবং পারফরম্যান্স

ক্ল্যাসিক ৬৫০ টুইন মডেলে থাকছে একটি ৬৪৮ সিসি প্যারালাল-টুইন ইঞ্জিন, যা ৪৬.৩ বিএইচপি শক্তি এবং ৫২.৩ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। ইঞ্জিনটি ৬-গতির গিয়ারবক্সের সঙ্গে যুক্ত। এই একই ইঞ্জিন সংস্থার বাকি ৬৫০ সিসি মডেলগুলোতেও রয়েছে।