ওয়েস্ট ইন্ডিজকে ২৮৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
ফাইল ছবি
প্রথম ইনিংসে ১৮ রানের লিড পাওয়া বাংলাদেশ গতকাল কিংস্টন টেস্টের তৃতীয় দিনটা শেষ করেছে ৫ উইকেটে ১৯৩ রান নিয়ে। ৫ উইকেট আর ২৩৩ রানের লিড নিয়ে আজ চতুর্থ দিনের খেলা শুরু করে টাইগাররা। তৃতীয় দিনশেষে জাকের আলী ২৯ ও তাইজুল ইসলাম ৯ রানে অপরাজিত ছিলেন। আজ দিনের শুরুতেই ফিরেছেন তাইজুল। তবে জাকের আলী খেলেছেন দুর্দান্ত। ফিফটি তুলে নেয়ার পর তিনি ছিলেন সেঞ্চুরি করার দৌড়ে। তবে শেষ পর্যন্ত সেঞ্চুরি পাননি তিনি। ৯ রানের জন্য শতক মিস করলেও তার এই ৯১ রানের ইনিংসের সুবাদেই ক্যারিবীয়দের ২৮৭ রানের লক্ষ্য দিয়েছে মেহেদী মিরাজের দল।
তাইজুল ফেরার পর ক্রিজে জাকেরের সঙ্গী হয়েছিলেন মুমিনুল হক। আগের ইনিংসে ০ রানে আউট হওয়া অভিজ্ঞ এই ব্যাটার এবারও ফিরেছেন কোনো রান না করেই। তবে জাকের আলী খেলেছেন দুর্দান্ত এক ইনিংস।
আলজারি জোসেফের বলে ছক্কা মেরে নিজের ফিফটি পূরণ করেন জাকের। ৮০ বলে নিজের টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ফিফটি করা এই ব্যাটার ছিলেন সেঞ্চুরি করার পথে।
তবে শেষ পর্যন্ত সেঞ্চুরির দেখা পাননি তিনি। মুমিনুল সাজঘরে ফেরার পর হাসান মাহমুদ এবং তাসকিন আহমেদও আউট হন। শেষ পর্যন্ত জাকেরের সঙ্গী ছিলেন কেবল নাহিদ রানা। রানাকে সঙ্গে নিয়েই সেঞ্চুরির দিকে ছুটছিলেন জাকের। তবে শেষ পর্যন্ত আলজারি জোসেফের বলে ক্যাচ দিয়ে আউট হন তিনি, জাকের ৯১ রানে ফিরলে বাংলাদেশের ইনিংস থামে ২৬৮ রানে। এতে জয়ের জন্য ক্যারিবীয়দের সামনে দাঁড়িয়েছে ২৮৭ রানের লক্ষ্য।