নোভার্টিস বাংলাদেশের শেয়ার অধিগ্রহণ করল রেডিয়েন্ট ফার্মা
সংগৃহীত
বহুজাতিক ওষুধ কোম্পানি নোভার্টিস বাংলাদেশ লিমিটেডে নোভার্টিস সুইজারল্যান্ডের সব শেয়ার রেডিয়েন্ট ফার্মাসিউিটিক্যালস লিমিটেডের কাছে হস্তান্তর করবে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে নোভার্টিস সুইজারল্যান্ড ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের মধ্যে শেয়ার হস্তান্তর চুক্তি স্বাক্ষর হয়।
নোভার্টিসের এশিয়া অঞ্চলের প্রধান কেভিন জো ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লে. জে. সিনা ইবনে জামালী (অব.) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এসময় রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদীসহ রেডিয়েন্টের পক্ষে আরও উপস্থিত ছিলেন রেডিয়েন্ট বিজনেস কনসোর্টিয়াম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু শাহরিয়ার জাহেদী, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালনা পর্ষদ সদস্য ও ফার্মাসিল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুসাওয়াত শামস জাহেদী, রেডিয়েন্ট কেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. একিউএম মহিউদ্দিন ও উপব্যবস্থাপনা পরিচালক তাসফিয়া জাহেদী।
অন্যদিকে নোভার্টিস সুইজারল্যান্ডের পক্ষে উপস্থিত ছিলেন সায়মন ইয়াং, এরিক ক্যারিও ও ড্যানিয়েল চে। এছাড়াও এসময় বাংলাদেশ কেমিকেল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের পরিচালক (অর্থ) ও যুগ্ম-সচিব মো. আব্দুর রাজ্জাকসহ রেডিয়েন্ট ফার্মাসিটিক্যালসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, চুক্তি অনুযায়ী নোভার্টিস বাংলাদেশ লিমিটেডের ৬০ শতাংশ শেয়ার অধিগ্রহণ করেছে স্থানীয় ওষুধ কোম্পানি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড। বাকি ৪০ শতাংশ শেয়ার যথারীতি বাংলাদেশ সরকারের হাতেই থাকবে। সরকারের পক্ষে প্রতিষ্ঠানটিতে প্রতিনিধিত্ব করছে বাংলাদেশ কেমিকেল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)। সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান নোভার্টিস এজি তাদের ব্যবসার বৈশ্বিক কৌশলের অংশ হিসেবে বাংলাদেশ চ্যাপ্টারের ব্যবসা স্থানীয় প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে। সে পরিপ্রেক্ষিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়।