সিরাজগঞ্জে ৬৬ লাখ টাকার হেরোইনসহ নারী আটক
প্রতীকী ছবি
সিরাজগঞ্জে প্রায় ৬৬ লাখ টাকা মূল্যের ৬৬০ গ্রাম হেরোইনসহ নিলুফার ইয়াসমিন (৩৫) নামে নারী মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে যমুনা সেতু পশ্চিম পাড়ে রেলওয়ে ষ্টেশনে র্যাব-১২ সদস্যরা তাকে আটক করে। আটক নিলুফার ইয়াসমিন চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের জাদুপুর গ্রামের মো. সাহাবুল ইসলামের স্ত্রী।
শুক্রবার দুপুরে র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপঙ্কর ঘোষ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যমুনা সেতুর পশ্চিম রেলওয়ে স্টেশনে এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৬শ৬০ গ্রাম হেরোইনসহ নারী মাদক বিক্রেতা নিলুফার ইয়াসমিনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মুল প্রায় ৬৬ লাখ টাকা। তাকে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।