লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
ফাইল ছবি
লালমনিরহাটের আদিতমারী উপজেলার কুটিপাড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে হেলালুজ্জামান ওরফে হেলাল উদ্দিন (৩৬) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। শুক্রবার (৬ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কুটিরপাড় সীমান্তের ৯২৫/২ নম্বর পিলার এলাকার ভারতীয় অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
আহত যুবক হেলালুজ্জামান ওরফে হেলাল উদ্দিন দুর্গাপুর ইউনিয়নের কুটিরপাড় গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে।
এ বিষয়ে দুর্গাপুর ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুর রাজ্জাক বলেন, মাঝেমধ্যে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে যান হেলালুজ্জামান হেলাল। কয়েক মাস কাজ করে আবার দেশে ফেরেন। বর্তমানে ঘনকুয়াশার কারণে কাজ বন্ধ থাকায় শুক্রবার রাতে দেশে ফিরছিলেন তিনি। এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মদনকুড়া ক্যাম্পের সদস্যরা রাবার বুলেট ছুড়লে আহত হন হেলাল উদ্দিন। পরে তাকে বিএসএফ সদস্যরা ভারতের দিনহাটা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে স্থানীয় সূত্রে নিশ্চিত হয়েছি।
তবে স্থানীয় একটি সূত্র দাবি করেছে, প্রতিদিনের মতো শুক্রবার রাতে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করে ভারতীয়দের সহায়তায় গরু আনতে যান হেলাল উদ্দিনসহ কয়েকজন রাখাল। গরু নিয়ে ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে বিএসএফের হাতে আটক হন হেলাল উদ্দিন। বাকী পাচারকারী দলটি ৭০টি গরু-মহিষ নিয়ে দেশে ফেরেন বলেও দাবি করেন সীমান্তের ওই সূত্রটি।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবার বলেন, দীর্ঘদিন ভারতে ইটভাটায় কাজ করে আসছে হেলাল। শুনেছি গতকাল ভারতের অভ্যন্তরে বাংলাদেশি ওই যুবককে বিএসএফের রাবার বুলেট ও শর্ট গানের আঘাতে আহত হয়েছেন। গরু পাচারের খবর জানা নেই।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহ মো. শাকিল আলম বলেন, সীমান্তে গুলির বিষয়ে বিএসএফকে করা প্রতিবাদ জানানো হয়েছে। একইসঙ্গে আহত ব্যক্তিকে ফেরত দিতে বলা হয়েছে।