চট্টগ্রামে অস্ত্রসহ নলা কাশেম গ্রেফতার

চট্টগ্রামে অস্ত্রসহ নলা কাশেম গ্রেফতার

প্রতিকি ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকার শীর্ষ সন্ত্রাসী ১৫ মামলার আসামি মো. আবুল কাশেম ওরফে নলা কাসেমকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলাম বলেন, দুর্ধর্ষ সন্ত্রাসী আবুল কাসেম ওরফে নলা কাসেমের বিরুদ্ধে খুন, ডাকাতিসহ ১৫টি মামলা আছে।

তাকে আমরা খুঁজছিলাম। গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গল সলিমপুর থেকে তাকে আমরা গ্রেফতার করি।

পুলিশ জানায়, সন্ত্রাসীদের অভয়ারণ্য খ্যাত জঙ্গল সলিমপুরে অন্যান্য সন্ত্রাসীদের সাথে ত্রাসের রাজত্ব কায়েম করছিল সন্ত্রাসী আবুল কাশেম। সে খুন, ডাকাতি, জবর দখলসহ নানা ঘটনা ঘটিয়েছে।

এসব ঘটনায় বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে ১৫ টি মামলা দায়ের হয়েছে। ফলে তাকে ধরতে গোপনে নজরদারি চালানো হচ্ছিল। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।