‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে নীতিতে বিশ্বাসী বিএনপি’
ছবি : সংগৃহীত
কৃষক বাঁচলে দেশ বাঁচবে নীতিতে বিশ্বাসী বিএনপি। বিগত দিনের ন্যায় রাষ্ট্র ক্ষমতায় গেলে কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করাসহ কৃষকের স্বার্থ সুরক্ষায় অগ্রাধিকার দেবে। নড়াইলে কৃষক দলের সমাবেশে নেতারা এসব কথা বলেন।
শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে মাইজপাড়া কলেজ মাঠে কৃষকদল এই সমাবেশের আয়োজন করে।
মাইজপাড়া ইউনিয়ন কৃষকদল আয়োজিত সমাবেশে বক্তারা আরও বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের মাঝে সার-বীজসহ নানা কৃষি উপকরণ ও নিত্য পণ্য সরবরাহ করতে কৃষক কার্ড ব্যবস্থা প্রবর্তন করা হবে। ৭২ থেকে ৭৫ আওয়ামী দুঃশাসনের কবলে তলাবিহীন ঝুড়িতে পরিণত হওয়া বাংলাদেশকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খননের মধ্য দিয়ে সবুজ বিপ্লব ঘটিয়ে আত্মনির্ভরশীল দেশে রূপান্তরিত করেন। আগামীতে কৃষক সমাজের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় কৃষি উৎপাদন বৃদ্ধির মধ্য দিয়ে বাংলাদেশ সব চ্যালেঞ্জ মোকাবিলা করে নিজের পায়ে দাঁড়াবে বলেও বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
মাইজপাড়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি এস এম স্বপন বাবলুর সভাপতিত্বে সমাবেশে জেলা বিএনপির সহ-সভাপতি এম জাকারিয়া মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মাহাবুব মুর্শেদ জাপল, জেলা কৃষকদলের আহ্বায়ক মো. নবীর হোসেন, সদস্য সচিব এনামুল কবীর চন্দনসহ অন্যান্যরা বক্তব্য দেন।
অনুষ্ঠানে কৃষি উৎপাদনে ইউনিয়ন সেরা দশ কৃষককে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এর আগে অনুষ্ঠানের শুরুতে শান্তির প্রতীক কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।