২০২৭ বিশ্বকাপ হবে ব্রাজিলে, সময় জানাল ফিফা
ফাইল ছবি
২০২৭ নারী ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ব্রাজিলে। বিশ্বকাপের আগামী এই আসর আয়োজনের সময়, আয়োজক দেশ ও কয়টি দেশ অংশ নিতে পারবে তা জানিয়েছে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ২০২৭ সালে জুন-জুলাই মাসে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ফুটবলের সর্বোচ্চ নীতি নির্ধারণি সংস্থাটি।
ফিফা নারী ফুটবল বিশ্বকাপের দশম আসর অনুষ্ঠিত হবে ব্রাজিলে, ২০২৭ সালের ২৪ জুন থেকে শুরু হয়ে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে ২৫ জুলাই পর্যন্ত। আসন্ন এ আসরে ৩২টি দল অংশ নিতে পারবে বলেও জানিয়েছে ফিফা।
নারী বিশ্বকাপ প্রথম অনুষ্ঠিত হয় ১৯৯১ সালে, সেবার আয়োজক ছিল চীন। এ টুর্নামেন্টের সবশেষ আসর অনুষ্ঠিত হয়েছে গত বছর, যৌথভাবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড এর আয়োজক ছিল। ২০২৭ সালে ব্রাজিলে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ হবে মোট ৩২ দিনে।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘ফিফা নারী বিশ্বকাপের ২০২৭ ব্রাজিল আসর বর্তমানে একটি অবস্থানে এসে দাঁড়িয়েছে যে আমরা উদ্বোধনী ম্যাচের জন্য আর অপেক্ষা করতে পারছি না। ২০২৭ সালের ২৪ জুন শুরু হতে যাচ্ছে টুর্নামেন্টটি। আর ফাইনাল অনুষ্ঠিত হবে ২৫ জুলাই। ঐতিহাসিক এই টুর্নামেন্ট কেবল দক্ষিণ আমেরিকায় বড় প্রভাব রাখবে না, বরং সারাবিশ্বে চমক প্রকাশ করবে। নারীদের অংশগ্রহণ ও তাদের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করে খেলাটিকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যেতে বড় ভূমিকা রাখবে এই আসর।’
নারী ফুটবল বিশ্বকাপে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) থেকে ৬টি, কনফেডারেশন অব আফ্রিকা ফুটবল (সিএএফ) থেকে ৪টি ও কনকাকাফ (উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল) থেকে খেলবে ৪টি ও ওশেনিয়া ফুটবল ফেডারেশন (ওএফসি) থেকে ১টি দল খেলবে। এছাড়া লাতিন অঞ্চল থেকে ৩টি এবং সর্বোচ্চ ১১টি দল খেলবে ইউরোপ থেকে।
সবশেষ ২০২৩ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের যৌথ আয়োজনে অনুষ্ঠিত বিশ্বকাপে ফাইনালে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন।