আড়াই বছরের শিশুর গুলিতে মায়ের মৃত্যু!
ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি অ্যাপার্টমেন্টে আড়াই বছর বয়সী এক শিশুর হাতে গুলিবিদ্ধ হয়ে তার ২২ বছর বয়সী মায়ের মৃত্যু হয়েছে বলে ধারনা করছে স্থানীয় পুলিশ। এসময় তার সঙ্গে ১৮ মাস বা দেড় বছরের সহোদরও সেখানে ছিল।
সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার এই মর্মান্তিক ঘটনা ঘটে। জেসিনিয়া মিনা নামের ওই নারী বুকে গুলিবিদ্ধ হন। তার ছেলে বাড়ির শোয়ার ঘরে লোড করা একটি বন্দুক পেয়ে ট্রিগারে চাপ দেয়। বন্দুকটি ওই নারীর প্রেমিক অ্যান্ড্রু সানচেজের মালিকানাধীন ছিল বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, এই ঘটনার জন্য সানচেজের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
পুলিশের লেফটেন্যান্ট পল সার্ভেন্টেস এক সংবাদ সম্মেলনে বলেন, একটি মুহূর্তের জন্য শিশুটি বন্দুক হাতে পায় এবং ট্রিগারে চাপ দেয়। এসময় তার মা মিনা বিছানায় শোয়া অবস্থায় গুলিবিদ্ধ হন।
মিনাকে তাৎক্ষণিকভাবে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাকে বাঁচাতে পারেননি।
লেফটেন্যান্ট সার্ভেন্টেস বলেন, ‘এই ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে, অস্ত্র সঠিকভাবে সংরক্ষণ কতটা গুরুত্বপূর্ণ।’
পুলিশ জানিয়েছে, মিনা এবং তার সন্তানেরা তার প্রেমিকের সঙ্গে সন্ধ্যায় বাইরে যাওয়ার পরিকল্পনা করছিলেন। সবাই বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন। এই ঘটনার সময় মিনার ১৮ মাস বয়সী আরেকটি সন্তানও বাড়িতে ছিল।
সানচেজ একটি ৯ এমএম লোডেড বন্দুক শোয়ার ঘরে রেখে গিয়েছিলেন, যেটি শিশুদের নাগালের মধ্যেই ছিল। শুক্রবারের ঘটনার পরে তাকে গ্রেফতার করা হয়েছে।
সানচেজের বিরুদ্ধে শিশুকে বিপজ্জনক পরিস্থিতিতে রাখা এবং অপরাধমূলক অস্ত্র সংরক্ষণের অভিযোগ আনা হয়েছে। এর আগে তাঁর অপরাধের কোনো রেকর্ড নেই বলে পুলিশ জানিয়েছে। বর্তমানে তিনি জামিনে মুক্ত রয়েছেন।