গুচ্ছতে থাকছে না কুমিল্লা বিশ্ববিদ্যালয়

গুচ্ছতে থাকছে না কুমিল্লা বিশ্ববিদ্যালয়

ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) গুচ্ছ থেকে বের হয়ে আগামী শিক্ষাবর্ষ থেকে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেন রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার।

রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি একাডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে রেজিস্ট্রার মজিবুর রহমান মজুমদার বলেন, গুচ্ছ থেকে বের হয়ে আগামী শিক্ষাবর্ষ থেকে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এপ্রিলের ১৮, ২৫ ও ২৬ তারিখে তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে গত বুধবার সাধারণ শিক্ষার্থীরা ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির ভিসিকে গুচ্ছ থেকে বের হয়ে এসে নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার জন্য স্মারকলিপি প্রদান করেন। এরই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের জরুরি একাডেমিক কাউন্সিলে সম্মিলিত সব সদস্যের সম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।