ঝিনাইদহে স্ত্রীর লাথিতে স্বামীর মৃত্যুর অভিযোগ
প্রতীকী ছবি
ঝিনাইদহে স্ত্রীর লাথির আঘাতে স্বামীর মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে সোমবার বিকালে ঝিনাইদহ শহরের কলাবাগান এলাকায়। নিহত আব্দুল জব্বার (৪৫) শৈলকুপা উপজেলার হরিহরা গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাখা কর্তকর্তা হিসাবে কর্মরত রয়েছেন। এ ঘটনায় নিহতের প্রথম স্ত্রী মিষ্টি খাতুন ও দ্বিতীয় স্ত্রী সাথী খাতুনকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
জানা গেছে, ইবি শাখা কর্মকর্তা আব্দুল জব্বার গোপনে ছোট স্ত্রীকে নিয়ে ঝিনাইদহ শহরের কলাবাগান এলাকায় বসাবাস করতেন। বিষয়টি বড় স্ত্রী জানতে পেরে সোমবার বিকালে ওই বাসায় প্রবেশ করেন। সেসময় বাসার মধ্যে বাগবিতন্ডার শুরু হয়। একপর্যায়ে প্রতিবেশীরা দরজা ধাক্কা দিতে থাকলে একঘণ্টা পর দরজা খোলা হয়। ওই সময় ইবি কর্মকর্তা বিছানার ওপর অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে তারা। এরপর প্রতিবেশীরা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। নিহতের পরিবারের অভিযোগ বড় স্ত্রী তাকে অণ্ডকোষে লাথি মেরে হত্যা করেছেন।
সদর থানার ওসি আব্দুল্লাহ আল-মামুন দুই স্ত্রীরকে আটকের সত্যতা স্বীকার করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কি কারণে নিহত হয়েছে তা জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত বলা যাবে।