বর্ণিল আয়োজনে আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজে বিজয় উৎসব অনুষ্ঠিত

বর্ণিল আয়োজনে আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজে বিজয় উৎসব অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি

১৬ই ডিসেম্বর, রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে ঐতিহাসিক বিজয়ের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। প্রতি বছরই দিনটি বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়ে আসছে। তবে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দিবসটি নতুন প্রাণ পেয়েছে। ১৬ ডিসেম্বর উপলক্ষে রাজধানীর উত্তরায় আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজে বর্ণিল আয়োজনে বিজয় উৎসব অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) কলেজ ক্যাম্পাসে দিনব্যাপী নানা আয়োজনে বিজয় উৎসব সম্পন্ন হয়। আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক রবিউল ইসলাম ও সাদিয়া আফরিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিশিষ্ট শিক্ষাবিদ ও আদ্-দ্বীন ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক জামালুন্নেসা, পিএইচডি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের কো-অর্ডিনেটর নাজমুল হোসেন ও ফারজানা খানম।

বিজয় উৎসব অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ, ডিসপ্লে ও জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন ঘটনাবলির উপর ছাত্র-ছাত্রীদের অভিনয় প্রদর্শনী দেখানো হয়। এছাড়া বিভিন্ন রকমের পিঠার পসরা নিয়ে বিভিন্ন স্টল সাজানো হয়। শিক্ষার্থীদের ব্যাপক আনন্দ ও উৎসাহে অনুষ্ঠান স্থল কোলাহল মূখর হয়ে ওঠে। 

অধ্যাপক জামালুন্নেসা বলেন, শিক্ষা ব্যবস্থায় নাগরিক মানসিকতার প্রতিফলন ও দেশের প্রতি ভালোবাসা ফুটে না উঠলে তা টেকসই হয় না। স্বাধীনতা অর্জন করার চেয়ে রক্ষা করা কঠিন। জুলাই গণঅভ্যুত্থানে কোমলমতি শিক্ষার্থীরা দেয়ালে গ্রাফিতির মাধ্যমে আমাদের বড় শিক্ষা দিয়েছে।

তিনি বলেন, শিক্ষা ব্যবস্থার মাধ্যমে নৈতিকতা শেখানো না হলে সমাজে তার প্রভাব পড়ে। সমাজে শিক্ষিতের হার বেড়েছে। কিন্তু প্রকৃত মূল্যবোধ সম্পন্ন মানুষের অভাব দেখা যাচ্ছে। দেশের শিক্ষা ব্যবস্থা আন্তর্জাতিক মানদণ্ডে উন্নিত করা না গেলে সুফল মিলবে না। একজন শিক্ষককে মনের বিশুদ্ধতা, নৈতিকতা এবং সংবেদনশীল আচরণে অভ্যস্ত হতে হবে। শিক্ষকের মন যদি পবিত্র না হয় নৈতিকভাবে তিনি যদি মানসম্পন্ন না হন, তাহলে তার এই পেশায় আসা উচিত নয়। শিক্ষকের অন্তর পরিস্কার রাখা খুবই জরুরি। 

উল্লেখ্য, আকিজ ফাউন্ডেশন পরিচালিত স্কুল এন্ড কলেজে ইংরেজি ভার্সনে পনেরশত শিক্ষার্থী এবং সম্পূর্ণ বিনামূল্যে বাংলা ভার্সনে পাঁচশত শিক্ষার্থী অধ্যয়নরত আছে।