ইতালিতে ৩ দিন পর গুহা থেকে উদ্ধার আহত নারী
ছবিঃ সংগৃহীত।
ইতালির জরুরি সেবার কর্মীরা এক গুহা অভিযাত্রীকে তিন দিনেরও বেশি সময় আটকে থাকার পর উদ্ধার করেছেন। শনিবার আটকা পড়া এই নারীর উদ্ধারের খবর পুরো ইতালিতে স্বস্তি এনে দিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
৩২ বছর বয়সী ওত্তাভিয়া পিয়ানাকে বুধবার স্থানীয় সময় ভোর ৩টার আগে (গ্রিনিচ মান সময় ২টায়) স্ট্রেচারে করে গুহা থেকে বের করে আনা হয়। পরে তাকে হেলিকপ্টারে করে উত্তর ইতালির বেরগামোর একটি হাসপাতালে নেওয়া হয়। ৭৫ ঘণ্টার উদ্ধার অভিযানের মাধ্যমে তার এই মুক্তি সম্ভব হয়।
শনিবার আবিসো বুয়েনো ফন্তেনো গুহা নেটওয়ার্কে আট মিটার নিচে পড়ে গিয়ে পিয়ানা পিঠ ও পাঁজরে আঘাত পান। তার মুখমণ্ডল ও হাঁটুতে জখম হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উদ্ধারকারীরা জানান, গুহার প্রবেশপথ থেকে প্রায় চার কিলোমিটার ভেতরে আটকে থাকা পিয়ানাকে যখন উপরে তোলা হয়, তখন তিনি সচেতন ছিলেন। তবে ক্লান্তি ও ব্যথায় কাতর ছিলেন।
পাহাড় ও গুহা উদ্ধার সংস্থা সিএনএসএএস-এর প্রতিনিধি ফেদেরিকো কাটানিয়া জানান, বিশেষজ্ঞ দল ছোট বিস্ফোরক ব্যবহার করে প্রতিবন্ধকতা সরানোর ফলে অভিযানটি পূর্বাভাসের চেয়ে দ্রুত শেষ হয়েছে। তিনি বলেন, এই গুহা অভিযাত্রীও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি অসাধারণ ধৈর্য দেখিয়েছেন। আগে আমরা বারবার মেডিক্যাল বিরতি নিয়ে তাকে বিশ্রাম দিতাম, কিন্তু শেষের ঘণ্টাগুলোতে তিনি পরিস্থিতি সহ্য করে এগিয়ে যান।
পিয়ানা একজন অভিজ্ঞ গুহা অভিযাত্রী। এর আগে জুলাই ২০২৩ সালে একই গুহা নেটওয়ার্কে আরেকটি দুর্ঘটনার পর তিনি প্রায় ৪০ ঘণ্টা আটকে ছিলেন।
কম সময়ে দুটি দুর্ঘটনার কারণে ইতালিতে পিয়ানার কিছু সমালোচনা হলেও কাটানিয়া তাকে দোষারোপ করতে রাজি নন। তিনি বলেন, পিয়ানার কাছে প্রয়োজনীয় সরঞ্জাম ও জ্ঞানের অভাব ছিল না। আমরা অনভিজ্ঞ আচরণের সমালোচনা করতে পারি, কিন্তু এই ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। এটি নিছক দুর্ভাগ্যজনক একটি ঘটনা।